হোম > বিশ্ব

সু চির সাজা কমিয়ে গৃহবন্দী করল জান্তা সরকার

আমার দেশ অনলাইন

মিয়ানমারের কারাবন্দী সাবেক নেত্রী অং সান সু চি-কে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দিত্বে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক ঘোষণায় এই তথ্য জানানো হয়।

বৌদ্ধ ধর্মীয় উৎসব উপলক্ষে সাধারণ ক্ষমার অংশ হিসেবে বৃহস্পতিবার ৮০ বছর বয়সী এই নেত্রীর কারাদণ্ডের মেয়াদ আরও কিছুটা কমিয়ে দিয়েছে দেশটির সামরিক সমর্থিত সরকার।

সরকারি তথ্য দপ্তরের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় সু চির একটি ছবিও প্রকাশ করা হয়েছে। ছবিতে দেখা যায়, প্রথাগত সাদা ব্লাউজ ও স্কার্ট পরিহিত সু চি একটি কাঠের বেঞ্চে বসে আছেন। তার সামনে একটি নিচু টেবিল এবং অপর পাশে দুই ব্যক্তি বসে আছেন—যাদের একজন পুলিশ কর্মকর্তা এবং অন্যজন অন্য কোনো বাহিনীর ইউনিফর্ম পরা।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর থেকে বন্দী রয়েছেন সু চি। এরপর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি। সর্বশেষ ২০২১ সালের মে মাসে আদালতের শুনানির সময় তার একটি ছবি প্রকাশিত হয়েছিল। ২০২২ সালের শেষ নাগাদ বিভিন্ন অভিযোগে তাকে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। যদিও তার সমর্থক ও মানবাধিকার গোষ্ঠীগুলো সু চি-কে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে আসছে।

সরকারি ঘোষণায় বলা হয়েছে, মানবিক দিক বিবেচনা এবং বৌদ্ধ ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রের সদয় মনোভাব প্রদর্শনের অংশ হিসেবে তাকে নেপিডোর মূল কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে।

দুইজন আইনি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নতুন এই ক্ষমার ফলে সু চির সাজা আরও এক-ষষ্ঠাংশ কমেছে। তবে তার সাজার মেয়াদ ঠিক কতদিন বাকি আছে তা স্পষ্ট করা হয়নি। পূর্ববর্তী হ্রাসকৃত সাজার হিসাব অনুযায়ী, তাকে আরও প্রায় ১৩ বছর কারাবন্দী থাকতে হতে পারে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ধর্মীয় উৎসব উপলক্ষে ১১ জন বিদেশিসহ মোট ১,৫১৯ জন বন্দীকে সাধারণ ক্ষমা দেওয়া হয়েছে। গত ১০ এপ্রিল জেনারেল মিন অং হ্লাইং প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এই ক্ষমার ঘোষণা এলো। সমালোচকদের মতে, ক্ষমতা পাকাপোক্ত করতেই একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে তিনি প্রেসিডেন্ট হয়েছেন।

সু চির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে খুব কম তথ্যই পাওয়া যাচ্ছে। ২০২৪ ও ২০২৫ সালের বিভিন্ন প্রতিবেদনে তার রক্তচাপজনিত সমস্যা, মাথা ঘোরা এবং হৃদরোগের খবর পাওয়া গেলেও স্বতন্ত্র কোনো সূত্র থেকে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এমনকি ২০২২ সালের ডিসেম্বরের পর থেকে তার আইনি দলকেও তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

উল্লেখ্য, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে শুরু হওয়া গণপ্রতিরোধ ও গৃহযুদ্ধে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

সূত্র: এনবিসি নিউজ

নোবেলের দৌড়ে ২৮৭ জন, তালিকায় থাকতে পারেন ট্রাম্প

তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত, অভয়বার্তা মমতার

২৪ ঘণ্টায় সাড়ে ৬ হাজার টন অস্ত্র পেল ইসরাইল

ইরান যুদ্ধে বড় ক্ষতির মুখে মার্কিন সামরিক সরঞ্জাম

ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটে বিশ্ব: আইইএ প্রধান

তীব্র খাদ্য সংকটের মুখে লেবানন: ডব্লিউএফপি

হরমুজ সংকট বিশ্ব অর্থনীতিকে ‘শ্বাসরোধ’ করছে: জাতিসংঘ মহাসচিব

যুক্তরাষ্ট্রকে বন্ধুত্বের বার্তা দিলেন জার্মান চ্যান্সেলর

ইরান যুদ্ধের ব্যয় নিয়ে তোপের মুখে পেন্টাগন

ইসরাইলকে সমর্থন না করলে কর্মী ছাঁটাইয়ের হুমকি টেলিগ্রাফ-পলিটিকোর