পাকিস্তান সীমান্তবর্তী অবৈধ ভবনগুলো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সঙ্গে বিভিন্ন ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনের জন্য পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এক বিবৃতিতে অমিত শাহ জানান, সীমান্তের ১৫ কিলোমিটার দূরত্বের মধ্যে থাকা ভবনগুলো ভেঙে ফেলা হবে।
এই পদক্ষেপের ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সীমান্তের শূন্য থেকে ১৫ কিলোমিটার এলাকার মধ্যে অবৈধ নির্মাণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন অমিত শাহ।
বিবৃতি অনুসারে, অনুপ্রবেশ, মাদক পাচার, অবৈধ দখল, সন্ত্রাসবাদে অর্থায়ন এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ কার্যকরভাবে মোকাবিলার প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
ভারত ও পাকিস্তানের মধ্যে প্রায় ৩ হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার মধ্যে বিতর্কিত কাশ্মীর অঞ্চলের সীমান্তও অন্তর্ভুক্ত।
সূত্র: আলজাজিরা
আরএ