সাইবার নিরাপত্তা সক্ষমতা পরীক্ষার সময় ইন্টারনেটে প্রবেশ করে তিনটি প্রতিষ্ঠানের সিস্টেম হ্যাক করেছিল গুগলের এআই মডেল জেমিনাই । গুগলের এআই সিস্টেমের স্বয়ংক্রিয়ভাবে এমন কাজ করার এটিই প্রথম জানা ঘটনা। স্বাধীন সাইবার নিরাপত্তা মূল্যায়নকারী প্রতিষ্ঠান ইরেগুলার পরিচালিত একটি পরীক্ষার সময় মে মাসে এসব ঘটনা ঘটে।
গুগলের নিরাপত্তা প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিদার অ্যাডকিনস এক বিবৃতিতে বলেন, নিয়মিত নিরাপত্তা মূল্যায়নের অংশ হিসেবে জেমিনাই ইন্টারনেটে থাকা প্রকাশ্য তথ্য খুঁজে বের করে এবং পরীক্ষার আওতাভুক্ত বলে মনে করা তিনটি ওয়েবসাইটে প্রবেশের জন্য কিছু লগইন তথ্য অনুমান করে।
ইরেগুলারের সঙ্গে সংশ্লিষ্ট একই ধরনের ঘটনার কথা এর আগে মেটা, অ্যানথ্রপিক ও ওপেনএআইও জানিয়েছে। মেটা গত আগস্টে বলেছিল, তাদের ঘটনার সঙ্গে কোনো ‘স্যান্ডবক্স এসকেপ’ বা অত্যাধুনিক সাইবার হামলা জড়িত ছিল না। অন্যদিকে, এআই সাইবার নিরাপত্তা মূল্যায়ন নিরাপদভাবে পরিচালনার জন্য সর্বোত্তম পদ্ধতি নির্ধারণে কাজ করার কথা জানিয়েছে ইরেগুলার।
এআই এজেন্টরা যখন আরো বেশি স্বায়ত্তশাসন এবং ইন্টারনেট ও কম্পিউটার সিস্টেমে প্রবেশের সুযোগ পাচ্ছে, তখন এই ঘটনাগুলো প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।
ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার প্রথম এ খবর প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, তিনটি ঘটনার একটিতে জেমিনাই বারবার পাসওয়ার্ড অনুমান করতে থাকে এবং শেষ পর্যন্ত একটি সুরক্ষিত সিস্টেমে প্রবেশ করতে সক্ষম হয়।
অন্য দুটি ঘটনায় মডেলটি একটি উন্মুক্ত রিপোজিটরিতে থাকা লগইন তথ্য খুঁজে পায়। ওই তথ্য ব্যবহার করে এটি পরবর্তী সময়ে সুরক্ষিত সিস্টেমে প্রবেশ করে।
তবে অ্যাডকিনস জানিয়েছেন, তিনটি ঘটনাতেই জেমিনাই শেষ পর্যন্ত নিজে থেকেই ওই কর্মকাণ্ড বন্ধ করে দেয়।
সূত্র: রয়টার্স
আরএ