যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ও অবরোধের জেরে ইরানের মুদ্রার রেকর্ড দরপতন হয়েছে। রোববার ইরানের উন্মুক্ত বাজারে প্রতি মার্কিন ডলারের দাম প্রথমবারের মতো ২০ লাখ রিয়াল ছাড়িয়েছে। অর্থাৎ এক ডলারের দাম দুই লাখ তুমানের বেশি হয়েছে। এক সপ্তাহেরও কম সময়ে ডলারের বিপরীতে রিয়ালের দরপতন হয়েছে ৭ শতাংশের বেশি।
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার আশঙ্কা এবং ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক আলোচনা থমকে যাওয়ায় ইরানের মুদ্রাবাজারে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে ইরানের তেল রপ্তানি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও আন্তর্জাতিক আর্থিক লেনদেন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
উন্মুক্ত বাজারের এই দরপতনে আমদানি করা খাদ্য, ওষুধ, শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতির দাম আরো বাড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতি ঠেকাতে মানুষ ডলার ও সোনার মতো সম্পদে বিনিয়োগের দিকে ঝুঁকছে।
এদিকে অর্থনৈতিক চাপ মোকাবিলায় ইরান সরকার জ্বালানির দাম বাড়ানোর কথাও বিবেচনা করছে। এতে জীবনযাত্রার ব্যয় আরো বেড়ে গিয়ে দেশে নতুন করে জনঅসন্তোষ সৃষ্টি হতে পারে।