ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় অন্তত ১২ জন নিহত নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জনের বেশি মানুষ। এদিকে দুই দেশের মধ্যে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে রাশিয়ার হাতে নিহত অন্তত ৭০৭ শিশুর স্মরণে শোক পালন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ।
বৃহস্পতিবার ইউক্রেন পুলিশের প্রেস সার্ভিস জানিয়েছে, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার বোমা ও ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরো ১১ জন আহত হয়েছেন।
টেলিগ্রামে পাঠানো এক বার্তায় প্রেস সার্ভিসটি জানায়, ‘দোব্রোপিলিয়া, দ্রুঝকিভকা, ক্রামাতোরস্ক, মিকোলাইভকা, স্লোভিয়ানস্ক শহর এবং ওলেক্সিয়েভো-দ্রুঝকিভকা ও কুরিৎসিনে গ্রামে হামলা হয়েছে। ধ্বংস হয়েছে ১৬টি আবাসিক ভবনসহ ৪২টি বেসামরিক স্থাপনা।’
বার্তায় বলা হয়েছে, হামলায় বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। অন্তত ১৪টি অ্যাপার্টমেন্ট ভবন ও ১১টি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
এছাড়া উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলে হামলায় অন্তত তিনজন নিহত এবং আরো ২১ জন আহত হয়েছেন।
মধ্য ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে অন্তত একজন নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছেন।
দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলের কোমিশানি বসতিতে রাশিয়ার গোলাবর্ষণে নিহত হয়েছেন একজন ।
এছাড়া. উত্তর-পূর্ব ইউক্রেনের শোস্টকা জেলার ইয়াম্পিল গ্রামে রুশ হামলায় অন্তত দুজন নিহত এবং আরো চারজন আহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা
আরএ