সৌদি আরবের মদিনায় মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হুতি হামলার নিন্দা জানিয়েছে মুসলিম ওয়ার্ল্ড লীগ।
এক বিবৃতিতে সংগঠনটি জানায়, মদিনার তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রটি মসজিদে নববীসহ সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সেবা দিয়ে থাকে। বেসামরিক অবকাঠামো ও ধর্মীয় স্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলাকে তারা ‘বিপজ্জনক উসকানি’ হিসেবে উল্লেখ করেছে।
মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব মোহাম্মদ বিন আবদুলকরিম আল-ঈসা বলেন, বেসামরিক অবকাঠামো ও ধর্মীয় পবিত্রতা লক্ষ্য করে হামলা ইসলামি মূল্যবোধ এবং মৌলিক মানবিক নীতির পরিপন্থি।
বিবৃতিতে সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে সংগঠনটি। একই সঙ্গে বেসামরিক নাগরিক ও পবিত্র স্থানগুলোর সুরক্ষায় সৌদি সরকারের নেওয়া পদক্ষেপের প্রতি সমর্থন জানানো হয়।
মসজিদে নববী ইসলাম ধর্মের অন্যতম পবিত্র স্থান হওয়ায় সেখানে সেবা প্রদানকারী অবকাঠামোয় হামলার ঘটনায় মুসলিম বিশ্বে উদ্বেগ তৈরি হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।