ইরানের সঙ্গে আলোচনা করতে পাকিস্তানের ইসলামাবাদে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। ইসলামাবাদে যুদ্ধবিরতি আলোচনায় যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে কী বলেছেন— এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি তাকে শুভকামনা জানিয়েছি।’
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই আলোচনা একবারেই শেষ হবে, নাকি সামনের দিনগুলোয় চলতে থাকবে, তা তিনি নিশ্চিত নন।
বিকল্প কোনো পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘বিকল্প পরিকল্পনার দরকার নেই।’
আরেকজন সাংবাদিক জানতে চান, তার দৃষ্টিতে ইরানের সঙ্গে একটি ভালো চুক্তি কেমন হবে?
ট্রাম্প জবাবে বলেন, ‘কোনো পারমাণবিক অস্ত্র নয়।’ তিনি আরো বলেন, তার মতে, ইরানে ইতোমধ্যেই শাসনব্যবস্থার পরিবর্তন হয়েছে।
তিনি আরো দাবি করেন, ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক, হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। যদিও তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এর প্রয়োজন নেই।
তিনি বলেন, ‘আমরা খুব শিগগিরই এটি খুলে দেব।’
প্রণালি দিয়ে চলাচল করা জাহাজগুলোর ওপর ইরান শুল্ক আরোপ করতে পারে, এমন প্রতিবেদনের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জবাব দেন, ‘আমরা তা হতে দেব না।’
সূত্র: বিবিসি বাংলা