হোম > বিশ্ব

ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে কি না

আমার দেশ অনলাইন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইরান ও কাতারের যৌথ মালিকানাধীন একটি গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্রে হামলার পরিপ্রেক্ষিতে নিজের স্বভাবসুলভ কঠোর ভাষায় একটি বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র ইরানের সাউথ পার্সে এ হামলা চালিয়েছে ইসরাইল, যার প্রতিশোধ হিসেবে কাতারের একটি জ্বালানি কমপ্লেক্সে হামলা করে ইরান।

পাল্টাপাল্টি এই হামলার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি মূল্যে। একই সঙ্গে এ ঘটনা মার্কিন প্রেসিডেন্টের ক্ষোভও তীব্র করেছে।

জ্বালানি স্থাপনায় পাল্টাপাল্টি হামলার এ ঘটনা নিয়ে নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আবারও ইরানকে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

এমনকি ইসরাইল যে এই হামলার পরিকল্পনা করছে, এ সম্পর্কেও কিছু জানতেন না বলে দাবি করেছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট নিজের পোস্টে যে ভাষা ব্যবহার করেছেন, তাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই যুদ্ধ নিয়ে কতটা একমত ও একই অবস্থানে রয়েছে, এই প্রশ্ন সামনে আসছে।

এছাড়া ট্রাম্পের এই পোস্ট যুদ্ধের গতিপ্রকৃতি এবং এর কৌশল ও লক্ষ্য নিয়ে কী বার্তা দিচ্ছে- তা নিয়েও নানা চলছে আলোচনা।

হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্র ‘কিছুই জানত না’:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্র ‘এই হামলার বিষয়ে কিছুই জানত না।’

যদিও তার এই বক্তব্যটি হামলার পর ইসরাইলের একাধিক সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের সম্পূর্ণ বিপরীত।

মধ্যপন্থী সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ রিপোর্ট করেছে যে, এই হামলাটি ‘যুক্তরাষ্ট্রের সাথে আগে থেকেই সমন্বয় করা হয়েছিল এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে এ বিষয়ে সমঝোতা হয়েছিল।’

আরো এক ধাপ এগিয়ে ডানপন্থী পত্রিকা ইসরায়েল হায়োম দাবি করেছে যে, ‘প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহের শেষে পারস্য উপসাগরীয় তিনটি দেশের নেতাদের সাথে আসালুয়েহ-তে আসন্ন ইসরাইলি হামলার বিষয়ে আলোচনা করেছিলেন।’

প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যান্য অনেক দাবির মতো এখানেও বক্তব্যের সত্যতা আসলে কতটা সেটি নিশ্চিতভাবে বলা কঠিন।

ইসরাইলি হামলা নিয়ে কথা বলতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প যে শব্দগুলো বেছে নিয়েছেন, তাও বেশ তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, ‘ক্রোধের বশবর্তী হয়ে গ্যাসক্ষেত্রের ওপর "হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়েছে ইসরাইল।’

এই ধরণের ভাষা সাধারণত ইরানের প্রতিশোধমূলক হামলার বর্ণনা দিতেই ব্যবহার করেন তিনি- যুক্তরাষ্ট্রের কোনো ঘনিষ্ঠ মিত্রের সুপরিকল্পিত সামরিক অভিযানের ক্ষেত্রে নয়।

তাহলে ট্রাম্প কি ইঙ্গিত দিচ্ছেন যে ইসরাইল অবিবেচকের মতো কাজ করেছে?

ইসরায়েল আর গ্যাসক্ষেত্রে কোনো হামলা করবে না:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে যেসব পোস্ট দেন, সেখানে মাঝেমধ্যেই ক্যাপিটাল লেটার বা ইংরেজি বড় হাতের অক্ষর ব্যবহার করেন।

কিন্তু ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরাইলের হামলার পর যে দীর্ঘ পোস্টটি তিনি দিয়েছেন সেখানে মাত্র একবারই সবকটি বড় হাতের অক্ষর ব্যবহার করেছেন।

তিনি লিখেছেন, ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সাউথ পার্স ক্ষেত্রের ওপর ইসরায়েল আর কোনো হামলা করবে না, যদি না ইরান বোকামি করে অত্যন্ত নিরপরাধ একটি দেশ- কাতার এর ওপর হামলার সিদ্ধান্ত নেয়।’

সবসময় পরিস্থিতির ওপর সরাসরি নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে চাওয়া প্রেসিডেন্টের জন্য, এটি কি আগে থেকেই দেওয়া কোনো প্রতিশ্রুতির প্রতিফলন, নাকি বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি এটি একটি সতর্কবার্তা?

বিভিন্ন সময় সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্পের দেওয়া অনেকটা অগোছালো পোস্টগুলোর মতো এক্ষেত্রেও মূল বিষয়টি নিশ্চিতভাবে বোঝা কঠিন।

তবে এর মাধ্যমে আগের সেই সব প্রতিবেদনগুলো আবারো সামনে আসছে, যেখানে বলা হয়েছিল যে, যুদ্ধ শুরুর দিকে ইরানের তেলের ডিপোগুলোতে ইসরায়েলি হামলার কারণে ট্রাম্প ক্ষুব্ধ হয়েছিলেন।

তাহলে কী যুদ্ধের লক্ষ্য আলাদা হয়ে যাচ্ছে:

গভীর রাতে দেওয়া মার্কিন প্রেসিডেন্টের একটি পোস্ট থেকে, খুব বেশি কিছু ধারণা করা, হয়তো ভুল হবে। ইসরাইলি কর্মকর্তারা জোর দিয়ে বলছেন যে, দুই দেশ একই পথে চলছে।

যদিও মাঝেমধ্যেই অনিচ্ছাকৃতভাবে হলেও তাদের মধ্যে দূরত্বের ইঙ্গিত পাওয়া যায়।

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলন করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যেখানে তিনি ট্রাম্পের বক্তব্যের প্রতিধ্বনি করে বলেছেন, গ্যাসক্ষেত্রে হামলায় ইসরাইল একাই কাজ করেছে।

আর ইসরাইলি বাহিনীকে ভবিষ্যতে এই ধরণের হামলা থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন ট্রাম্প।

নেতানিয়াহু নিজেকে এবং ট্রাম্পকে ইরানের বিষয়ে ঐক্যবদ্ধ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন- যেখানে ট্রাম্পই প্রধান।

ইসরাইলের প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, ‘কেউ কি সত্যিই মনে করে যে প্রেসিডেন্ট ট্রাম্পকে কেউ বলে দিতে পারে কী করতে হবে?’

তিনি আরো যোগ করেন, ‘আমার মনে হয় না যে আমাদের মতো (ট্রাম্প ও আমি) অন্য কোনো নেতা এত সমন্বিতভাবে কাজ করেছেন। তিনি নেতা, আর আমি তার মিত্র।’

বৃহস্পতিবার সকালে লন্ডনে ইসরাইলি দূতাবাসের মুখপাত্র অ্যালেক্স গ্যান্ডলার বিবিসি-কে বলেন, ‘ইরানের ইসলামি শাসনব্যবস্থা, আইআরজিসি, তাদের ব্যালিস্টিক ও পারমাণবিক কর্মসূচির বিষয়ে আমাদের লক্ষ্যগুলো অভিন্ন। আমরা একই জিনিস চাই।’

যদিও দুই মিত্র অনেক বিষয়ে একমত, তবে ইরানে ‘শাসনব্যবস্থা পরিবর্তন’ এর ব্যাপারে ইসরাইল অনেক বেশি অনড়।

যুক্তরাষ্ট্র যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন সক্ষমতা এবং তাদের নৌবাহিনীকে ধ্বংস করে দেওয়ার মতো সামরিক কার্যক্রমে মনোযোগ দিয়েছে, সেখানে ইসরাইল ইরানের নেতাদের হত্যা এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণব্যবস্থা ধ্বংস করার ক্ষেত্রে অনেক দূর এগিয়েছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাবেক বিশেষ দূত ডেভিড স্যাটারফিল্ড বলছেন, কেবল যুদ্ধ থামানোর সময় নির্ধারণ ছাড়া বাকি সব ক্ষেত্রে ইসরাইল ও আমেরিকার উদ্দেশ্যে মিল রয়েছে।

তিনি বিবিসি-কে বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ট্রাম্প এমন একটি বিজয় চান, যা অর্থহীন মনে হবে না। তিনি কেবল শাসনব্যবস্থা পরিবর্তনের চিন্তায় সীমাবদ্ধ নন।’

অন্যদিকে স্যাটারফিল্ডের মতে, নেতানিয়াহুর কাছে ইরানের পতনই একটি ‘কাঙ্ক্ষিত লক্ষ্য’।

হামলা সম্পর্কে ইরানের কাছে তথ্য ছিল না:

নিজের পোস্টে ট্রাম্প দাবি করেছেন যে, এই হামলায় কাতার জড়িত ছিল না, এমনকি তাদের কাছে আগাম কোনো তথ্যও ছিল না।

তিনি লিখেছেন, দুর্ভাগ্যবশত ইরানও এটি জানত না এবং তারা অযৌক্তিক ও অন্যায্যভাবে প্রতিশোধ নিয়েছে।

ট্রাম্প ইরানকে ছাড় দিচ্ছেন না ঠিকই, তবে তিনি ইঙ্গিত দিচ্ছেন যে, তেহরান হয়তো ভুলবশত কাতারকে জড়িত মনে করে পাল্টা হামলা চালিয়েছে।

ইরানের গ্যাসক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুমকি:

ট্রুথ সোশ্যাল পোস্টের কিছু অংশ ছিল ট্রাম্পের চিরচেনা স্টাইলে। নিজের ইচ্ছা পূরণের জন্য নজিরবিহীন হুমকি।

তিনি সতর্ক করেছেন যে, ইরান যদি কাতারের এলএনজি স্থাপনায় আবারও হামলা চালায়, তবে যুক্তরাষ্ট্র ইসরাইলের সাহায্য বা সম্মতি নিয়ে অথবা ছাড়াই সাউথ পার্স গ্যাসক্ষেত্রটি এমনভবে ধ্বংস করবে যা ইরান আগে কখনো দেখেনি।

ট্রাম্প এবং তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই ধরণের হুমকিপূর্ণ কথা বলতে পছন্দ করেন। প্রায়ই এই ধরণের কঠোর ভাষা ব্যবহার করেন নিজেকে শান্তির প্রেসিডেন্ট হিসেবে দাবি করা ডোনাল্ড ট্রাম্প।

এছাড়া এটাও সত্য যে, ইরান এবং দেশটির জনগণের যে পরিমাণ ক্ষয়ক্ষতি ওয়াশিংটন করেছে, তার থেকেও বহু গুণ বেশি ক্ষতি করার সক্ষমতা রাখে।

তবে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ইসরাইলের সম্মতি সংক্রান্ত যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটি ছিল বেশ শ্রুতিকটু বা বেমানান।

এটি কি নেতানিয়াহুর প্রতি কোনো তিরস্কার ছিল নাকি ভবিষ্যতে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আরো ভালোভাবে পরামর্শ করার প্রয়োজনীয়তার বিষয়ে একটি কঠোর সতর্কতা, তা বোঝা কঠিন।

ডোনাল্ড ট্রাম্পের মেইক আমেরিকা গ্রেইট অ্যাগেইন বা মাগা আন্দোলনের কিছু সমর্থক ইতোমধ্যেই বিশ্বাস করে যে, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র নয় বরং ইসরাইলই কলকাঠি নাড়ছে।

তাই এই কথাটিকে প্রেসিডেন্টের সমালোচকরা একটি দুর্ভাগ্যজনক ফ্রয়েডিয়ান স্লিপ (মনের অজান্তে বেরিয়ে আসা সত্য) হিসেবে দেখছেন।

ইসরাইল ও ইরানের মধ্যে পাল্টা-পাল্টি হামলার কারণে তেল ও গ্যাসের দাম আবারো বাড়ছে। এছাড়া হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ করার চেষ্টায়ও কোনো অগ্রগতি না থাকায় ডোনাল্ড ট্রাম্প ধৈর্য হারাচ্ছেন বলেই মনে হচ্ছে।

এই যুদ্ধ তাকে এমন সব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে ফেলছে, যা তার প্রশাসন সম্ভবত আগে থেকে অনুমান করতে পারেনি।

ইসরাইলে এই যুদ্ধের সমর্থন এখনো আকাশচুম্বী থাকলেও, যুক্তরাষ্ট্রে তা বর্তমানে ৫০ শতাংশের নিচে নেমে এসেছে।

এই সংঘাত নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে আরো একটি মেয়াদে টিকে থাকতে সাহায্য করতে পারে, কিন্তু আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে এটি ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির জন্য ক্ষতির কারণ হতে পারে।

ইসরাইল এবং যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ সামরিক মিত্র হলেও, এটিই প্রথমবার যখন তারা এক সাথে কোনো যুদ্ধ লড়ছে। মাত্র তিন সপ্তাহের মধ্যে তারা বেশ কিছু বড় সাফল্যও অর্জন করেছে।

কিন্তু প্রতিটি দিন পার হওয়ার সাথে সাথে এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্পের ধারণার চেয়েও অনেক বেশি জটিল বলে প্রমাণিত হচ্ছে।

সূত্র: বিবিসি বাংলা

মুসলিমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাল ইসরাইল

কুয়েতের তেল শোধনাগারে ইরানের হামলা, বন্ধ কয়েকটি ইউনিট

যুদ্ধের প্রেক্ষাপটে সার রপ্তানি সীমিত করল চীন, বাড়ছে বৈশ্বিক সংকট

‘ট্রাম্প ইজমের’ পরীক্ষা নিচ্ছে ইরান

সুখী দেশের তালিকায় শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান কততম

মধ্যপ্রাচ্যে আরো ৪০০০ সেনা পাঠানোর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

যুদ্ধবিধ্বস্ত ইরানে ঈদের তারিখ ঘোষণা

যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদ্‌যাপিত হচ্ছে ঈদ

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে হামলার ভিডিও প্রকাশ করল ইরান

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় মৃতের সংখ্যা ছাড়াল ৩১০০