দক্ষিণ ইথিওপিয়ায় যাত্রী বোঝাই একটি ট্রাক নদীতে পড়ে ৭১ জন নিহত হয়েছেন। রোববার গভীর রাতে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার দক্ষিণে প্রায় ৩০০ কিলোমিটার দূরে সিদামা রাজ্যে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির আঞ্চলিক যোগাযোগ ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে।
সোমবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
সিদামা আঞ্চলিক সরকারের মুখপাত্র ওসেনয়েলেহ সিমিওন সোমবার রয়টার্সকে জানিয়েছেন, ৬৮ জন পুরুষ ও ৩ জন নারীসহ মোট ৭১ জন নিহত হয়েছেন।
তিনি আরও জানান, পাঁচ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ট্রাকটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করা হয়েছিল, যা দুর্ঘটনার কারণ হতে পারে।
যাত্রীদের অনেকে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল। অনেকেই তাদের পরিবারের একাধিক সদস্যকে হারিয়েছেন।