হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে স্পেসএক্সের দুটি করে শেয়ার দেবেন ইলন মাস্ক

এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে এক বৈঠকে অংশ নিচ্ছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। ছবি-এএফপি

প্রযুক্তি খাতের ধনকুবের ইলন মাস্ক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে তার মহাকাশ গবেষণা ও রকেট নির্মাণকারী প্রতিষ্ঠান স্পেসএক্সের দুটি করে শেয়ার উপহার দেবেন তিনি। গত মাসে দেওয়া এক শেয়ারের প্রতিশ্রুতি বাড়িয়ে এবার দুটি শেয়ার দেওয়ার ঘোষণা দিলেন বিশ্বের শীর্ষ ধনী এই ব্যক্তি।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক বলেন, ‘আমেরিকার প্রতিটি শিশু স্পেসএক্সের দুটি শেয়ার পাবে। একটি দেবে কোম্পানি এবং অন্যটি আমি ব্যক্তিগতভাবে দেব।’

মাস্ক জানান, স্পেসএক্সের পক্ষ থেকে দেওয়া শেয়ারটি আগামী মাসে হস্তান্তর করা হবে। আর তার ব্যক্তিগত শেয়ারটি দেওয়া হবে আগামী বছরের জুনে। তবে কীভাবে এই শেয়ার বিতরণ করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

শিশুদের শেয়ারগুলো বিক্রি না করে ধরে রাখার পরামর্শ দিয়েছেন মাস্ক। তিনি বলেন, স্পেসএক্স যদি পৃথিবীর বাইরেও মানুষের বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করতে এবং সূর্যের শক্তির অন্তত ১০ লাখ ভাগের এক ভাগ কাজে লাগাতে সফল হয়, তাহলে প্রতিষ্ঠানটির মূল্য বর্তমান বৈশ্বিক অর্থনীতির তুলনায় প্রায় ১০ লাখ গুণ হতে পারে।

মাস্ক বলেন, ‘এগুলো নিঃসন্দেহে অত্যন্ত কঠিন লক্ষ্য। তবে সেগুলো অর্জনের একটি পথ রয়েছে।’ এর আগে গত অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মাস্ক। তখন তিনি বলেছিলেন, এটি হবে এমন অনেক উদ্যোগের মধ্যে প্রথমটি।

যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর ২০২৪ সালের তথ্য অনুযায়ী, দেশটিতে ১৮ বছরের কম বয়সী মানুষের সংখ্যা প্রায় ৭ কোটি ৩০ লাখ। বুধবার শেয়ারবাজারে স্পেসএক্সের প্রতিটি শেয়ারের সমাপনী মূল্য ছিল ১২৭ দশমিক ৪৪ ডলার। সেই হিসাবে যুক্তরাষ্ট্রের সব শিশুকে দুটি করে শেয়ার উপহার দিতে হলে এর মোট মূল্য দাঁড়াবে প্রায় ১ হাজার ৮৬০ কোটি ডলার।

গত জুনে শেয়ারবাজারে যাত্রা শুরু করে স্পেসএক্স। প্রতিষ্ঠানটি শেয়ার বিক্রির মাধ্যমে প্রায় ৮৫৭০ কোটি ডলার সংগ্রহ করে। গত সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির বিশালাকৃতির রকেট ‘স্টারশিপ’ প্রথমবারের মতো পৃথিবীর কক্ষপথে পৌঁছায়। মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপনের উচ্চাভিলাষী পরিকল্পনার কেন্দ্রবিন্দু এই মহাকাশযান। এর সফল কক্ষপথে পৌঁছানোকে সেই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে ৩ লাখ বৈধ অভিবাসীর ‘স্বাস্থ্যসেবা’ সুবিধা বাতিল করছে ট্রাম্প প্রশাসন

ইরান যুদ্ধের কারণে আমেরিকায় খাবারের দাম বাড়ছে

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ নিহত ৬

নিউ ইয়র্কে বাড়ি ভাড়া নিয়ে মামদানির সিদ্ধান্ত বহাল রাখল আদালত

এনভিডিয়ার সিইও পদে জেনসেনের ফিরে আসাকে কেন উদযাপন করছে ইসরাইল

বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের পর মার্কিন শেয়ারবাজারে ধস

বাংলাদেশের চেয়ে ভারতের ওপর বেশি শুল্কারোপ যুক্তরাষ্ট্রের

১৪ দেশের ওপর নতুন শুল্ক, কানাডাকে কেন বাদ দিল ট্রাম্প প্রশাসন

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের

এবার সাইয়েদের সঙ্গে বসবেন ট্রাম্প