হোম > বিশ্ব > আমেরিকা

আন্তর্জাতিক আইন ক্ষমতাধরদের স্বার্থ রক্ষার হাতিয়ার: রুবিও

আমার দেশ অনলাইন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: বাসস

আন্তর্জাতিক আইনকে নিজেদের স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে এর তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি আন্তর্জাতিক আইনকে ক্ষমতাধর অভিজাতদের স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার রুবিও আইসিসিকে সতর্ক করে বলেন, ‘তরবারিধারীদের কাছে আইন উদ্ধৃত করার’ পরিণতি ভালো হবে না। তার অভিযোগ, হেগভিত্তিক এই আদালত এমন কিছু আইন ও বিধিবিধান কার্যকর করার চেষ্টা করছে, যা যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় না।

ফেডারেলিস্ট সোসাইটির ন্যাশনাল লইয়ার্স কনভেনশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর প্রায় এক মাস আগে যুক্তরাষ্ট্র আইসিসির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছিল। একই সঙ্গে আদালতটির কার্যক্রম অকার্যকর করে দেওয়ার কথাও বলেছিল ওয়াশিংটন।

আইসিসি বিশ্বের সবচেয়ে গুরুতর অপরাধ ও নৃশংসতার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের আওতায় আনে। কোনো দেশের নিজস্ব বিচারব্যবস্থা অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে ব্যর্থ হলে শেষ ভরসা হিসেবে কাজ করে এই আদালত।

আইসিসি প্রতিষ্ঠার ভিত্তি রোম সংবিধিতে যুক্তরাষ্ট্র স্বাক্ষর করলেও চুক্তিটি কখনো অনুসমর্থন করেনি। ইসরাইল, রাশিয়া ও চীনও আইসিসির সদস্য নয়।

রুবিও বলেন, ক্যারিবীয় অঞ্চলে নৌযানে হামলা থেকে শুরু করে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করা পর্যন্ত ট্রাম্প প্রশাসনের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনকে ব্যবহার করা হয়েছে।

তার অভিযোগ, আন্তর্জাতিক আইন নিরপেক্ষ কোনো ব্যবস্থা নয়; বরং বৈশ্বিক ক্ষমতাধর অভিজাতরা নিজেদের স্বার্থ এগিয়ে নিতে একে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

এর আগে যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক বলেছিলেন, ওয়াশিংটন আইসিসির সঙ্গে সব ধরনের লেনদেন নিষিদ্ধ করবে। তিনি আদালতটিকে ‘বেপরোয়া ও নিয়ন্ত্রণহীন আদালত’ বলেও অভিহিত করেছিলেন। আইসিসির বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিনের অবস্থানেরই অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গাজায় সংঘটিত কথিত অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় আইসিসির ওপর ক্ষুব্ধ ওয়াশিংটন। আদালতটির কার্যক্রম বন্ধ করে দেওয়ারও অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবারও আইসিসির সমালোচনা করে রুবিও বলেন, আদালতটি কারও কাছে জবাবদিহি করে না। অথচ তাদের হাতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে তদন্ত, বিচার, হয়রানি এবং কারাগারে পাঠানোর ক্ষমতা রয়েছে—এমন সব আইনের ভিত্তিতে, যেগুলোতে যুক্তরাষ্ট্র সম্মতি দেয়নি এবং যেগুলো নিয়ন্ত্রণের ক্ষমতাও তাদের নেই।

তিনি আরও বলেন, ‘তারা যদি এতটাই নির্বোধ হয় যে তাদের কাগুজে আদেশ আমেরিকানদের ওপর কার্যকর করার চেষ্টা করে, তাহলে আমাদের জবাব সম্ভবত রোমান সেনাপতি পম্পেইর সেই কথার মতোই হবে। একসময় তার সৈন্যবাহিনীর বিরুদ্ধে নগরীর আইন ও সনদের কথা তুলে ধরার চেষ্টা করা হয়েছিল।’

পম্পেই তখন বলেছিলেন, ‘তরবারিধারীদের কাছে আইন উদ্ধৃত করা বন্ধ করুন।’

আইন পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের এই সম্মেলনে রুবিওর বক্তব্য দেওয়া তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি করতে পারে। ধারণা করা হচ্ছে, তিনি পররাষ্ট্রনীতির দায়িত্বের বাইরেও নিজের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার কথা ভাবছেন। অতীতেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে সম্ভাব্য প্রার্থীরা এই সম্মেলনে বক্তব্য দিয়েছেন।

রুবিওকে ট্রাম্পের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ব্যাপকভাবে বিবেচনা করা হয়। তবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিতে তিনি প্রশাসন ছাড়ার পরিকল্পনা করছেন—এমন খবর আগেই নাকচ করেছেন তিনি।

সূত্র: বাসস

আরএ

যুক্তরাষ্ট্রের সমর্থন হারাচ্ছে ইসরাইল, কয়েক দশকের সম্পর্কে ফাটল

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে চরম বিশৃঙ্খলা, বিপাকে ১৫ লাখের বেশি যাত্রী

যুক্তরাষ্ট্রে হামে মৃত্যু বেড়ে ১০

ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র, পুরোপুরি স্বাভাবিক হবে কবে

সৌদি আরব ভেঙে পড়ছে, দাবি ট্রাম্পের

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার

যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ, সন্দেহের তালিকায় এআই

যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা

বিশ্বের ৯ দেশের হাতে ১২ হাজারের বেশি পারমাণবিক অস্ত্র, কার কাছে কত

১৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বের কোটি ব্যবহারকারী