ইসরাইলের কট্টর সমালোচক ও আফগান-আমেরিকান রাজনীতিক আয়েশা ওয়াহাব ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের বিশেষ নির্বাচনে জয়ী হয়েছেন। তিনি ডেমোক্র্যাট প্রার্থী ও ট্রানজিট কর্মকর্তা মেলিসা হার্নান্দেজকে পরাজিত করে সাবেক কংগ্রেসম্যান এরিক সোয়ালওয়েলের স্থলাভিষিক্ত হয়েছেন।
ক্যালিফোর্নিয়া স্টেট সিনেটে প্রথম মুসলিম নারী হিসেবে নির্বাচিত হওয়া ওয়াহাব গাজায় ইসরাইলের সামরিক অভিযান ও নীতির একজন সোচ্চার সমালোচক। তার এই জয় এমন এক সময়ে এলো, যখন তাকে পরাজিত করতে নির্বাচনী প্রচারে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছিল।
নির্বাচনের শেষ কয়েক সপ্তাহে আমেরিকান-ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (এআইপ্যাক) সঙ্গে সংশ্লিষ্ট সুপার প্যাকগুলো ওয়াহাবের বিরুদ্ধে প্রচারণা এবং হার্নান্দেজের পক্ষে বিজ্ঞাপনে কোটি কোটি ডলার ব্যয় করে।
এর মধ্যে এআইপ্যাক-সংশ্লিষ্ট ইউনাইটেড ডেমোক্রেসি প্রজেক্ট শুধু আগস্ট মাসেই ওয়াহাবকে পরাজিত করার প্রচারে ১২ লাখ ডলার ব্যয় করে। এ ছাড়া আরেকটি সংশ্লিষ্ট সংগঠন নির্বাচনী লড়াইয়ে খরচ করে আরো ১৭ লাখ ডলার ।
তবে বিপুল অর্থের এই ব্যয়ের পরও ওয়াহাব তার এগিয়ে থাকা অবস্থান ধরে রাখতে সক্ষম হন এবং শেষ পর্যন্ত ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে প্রতিনিধি পরিষদের আসনটি জয় করেন।
সূত্র: আল জাজিরা
আরএ