হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রে রেনো শহরের কাছে দাবানল, নিরাপদ স্থানে ৪০ সহস্রাধিক মানুষ

বাসস

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় নেভাদা অঙ্গরাজ্যে দ্রুত ছড়িয়ে পড়া একটি দাবানল রেনো শহরের দিকে এগিয়ে আসায় কর্মকর্তারা রোববার বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

রেনোর মেয়র হিলারি শিভে সিএনএনকে জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ৪২ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন। আরও প্রায় ৪৫ হাজার মানুষকে দ্রুত সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

আগুন লাগার একদিনের মধ্যেই ‘হক ফায়ার’ প্রায় ১৫ হাজার ৪০ একর (৬ হাজার ৮৭ হেক্টর) এলাকায় ছড়িয়ে পড়ে। রোববার বিকেলে দাবানলটি রেনো শহরের প্রায় ৫ মাইল (৮ কিলোমিটার) উত্তর-পশ্চিমে জ্বলছিল। ২০২৫ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী, রেনো মহানগর এলাকায় ২ লাখ ৮০ হাজারের বেশি মানুষ বসবাস করেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দাবানলে ইতোমধ্যে পাহাড়ের চূড়ায় থাকা কয়েকটি বাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন জরুরি সেবাকর্মী। আগুনের পরিস্থিতি ‘খুবই ভয়াবহ’ হয়ে উঠেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকারের দাবানল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ইনসিওয়েব।

স্থানীয় ফায়ার সার্ভিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা ছবিতে রেনো শহরের আশপাশের পাহাড়ের চূড়া থেকে আগুনের শিখা ও আকাশজুড়ে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ার মেঘ দেখা গেছে।

গভর্নর জো লোম্বার্ডো রেনো শহরের কাছে দ্রুত ছড়িয়ে পড়া মারাত্মক দাবানলের কারণে ওয়াশো কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

তার জারি করা আদেশে বলা হয়েছে, ‘হক ফায়ার দ্রুত ছড়িয়ে পড়ছে এবং বাড়িঘর ও বিভিন্ন স্থাপনার জন্য হুমকি তৈরি করছে।’

রেনো নেভাদার উত্তর-পশ্চিমাঞ্চলে, ক্যালিফোর্নিয়ার সীমান্তের কাছে এবং সিয়েরা নেভাদা পর্বতমালার জনপ্রিয় পর্যটন এলাকা লেক তাহোর কাছাকাছি অবস্থিত।

স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান রিচার্ড এডওয়ার্ডস বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে, কিংবা সম্ভব হলে তারও আগে, নিরাপদ স্থানে যাওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি সতর্ক করে বলেন, ‘হক ফায়ার আমাদের জন্য খুবই পরিবর্তনশীল একটি পরিস্থিতি। বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। বাতাসের গতিতে ছড়িয়ে পড়া আগুন খুব দ্রুত আবাসিক এলাকাগুলোতে পৌঁছে যেতে পারে।’

সূত্র: এএফপি

যুক্তরাষ্ট্র কি আসলেই ধনী দেশ, কার জন্য কতটা সমৃদ্ধ

একটি প্রোগ্রামিং ত্রুটিতে স্থবির হয়ে পড়েছে বহু দেশের গুরুত্বপূর্ণ অনলাইন সেবা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন

শিগগিরই কিছু একটা ঘটতে যাচ্ছে, কেন বললেন ট্রাম্প

ডেমোক্র্যাটদের দেখে নেওয়ার হুমকি দিলেন ইলন মাস্ক

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন করতে পারবেন বাংলাদেশিরা?

নেতানিয়াহুকে সমর্থন: ট্রাম্পের বিপরীত পথে ভ্যান্স

৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি