ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে একত্রিত হয়েছেন বিভিন্ন দেশের শিল্পীরা। শিল্পের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরা এবং শান্তি ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশ নেন ফিলিস্তিনি বংশোদ্ভূত র্যাপার এমসি আবদুল, কমেডিয়ান আনোয়ার জিবাউই এবং গায়ক আনিস। তারা নিজেদের শিল্পীজীবনের অভিজ্ঞতা এবং ফিলিস্তিনের পক্ষে শিল্পের ভূমিকা নিয়ে কথা বলেন।
আয়োজনটির উদ্যোগ নেন মোহাম্মদ উসমান হাসাম। আন্তর্জাতিকভাবে পরিচিত শিল্পীদের একত্র করতে তুরস্কের কুবরা বায়রামবেয় ও বুসে প্ল্যানও এতে সহযোগিতা করেন। অনুষ্ঠানে শিল্পীরা শান্তি, সংহতি ও সৃজনশীলতার শক্তির ওপর গুরুত্ব দেন।
আলোচনায় শিল্পের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়েও কথা হয়। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ফলে শিল্পের ধরন কীভাবে বদলে যাচ্ছে এবং নতুন প্রযুক্তি কীভাবে শিল্পীদের বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছানোর সুযোগ করে দিচ্ছে, তা নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।
ফিলিস্তিনি বংশোদ্ভূত শিল্পীরা নিজেদের ব্যক্তিগত ও সৃজনশীল অভিজ্ঞতাও তুলে ধরেন। তাদের মতে, শিল্প কোনো সীমান্তে আটকে থাকে না। মানুষের মধ্যে যোগাযোগ ও সংহতি তৈরিতে শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আয়োজকদের মতে, শিল্প, প্রযুক্তি ও জনসচেতনতার সমন্বয়ে বিশ্বজুড়ে ফিলিস্তিনের বিষয়ে সচেতনতা বাড়ানোই এ আয়োজনের উদ্দেশ্য। একই সঙ্গে সৃজনশীল কাজের মাধ্যমে আলোচনা, শান্তি ও সংহতির পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে।
সূত্র: ডেইলি সাবাহ