হোম > বিশ্ব > আমেরিকা

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সম্ভাবনা, নতুন ওষুধে কমছে টিউমার

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি।

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা, পরীক্ষামূলক ওষুধে উধাও টিউমার

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতির সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। নতুন একটি ওষুধের পরীক্ষায় দৈনিক সেবনে কিছু রোগীর টিউমার ছোট হয়ে আসার পাশাপাশি কারও কারও ক্ষেত্রে স্ক্যানে ক্যানসারের অস্তিত্বই শনাক্ত করা যায়নি।

‘ড্যারাক্সনরাসিব’ নামের ওষুধটি কেমোথেরাপির সঙ্গে প্রয়োগ করে প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় এমন ফল পাওয়া গেছে। অগ্ন্যাশয়ের ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে, এমন ৬১ জন রোগী এই পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে প্রায় ১২ শতাংশের ক্ষেত্রে সিটি স্ক্যানে ক্যানসারের কোনো অস্তিত্ব শনাক্ত হয়নি।

পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ৯০ শতাংশ রোগীর টিউমারের বৃদ্ধি বন্ধ হয়েছে। অন্যদিকে, ৬০ শতাংশের কিছু বেশি রোগীর টিউমার ছোট হয়েছে অথবা পুরোপুরি অদৃশ্য হয়েছে।

তবে চিকিৎসকেরা বলছেন, এই ওষুধ কত দিন ক্যানসারের অগ্রগতি ঠেকিয়ে রাখতে পারবে, তা এখনো নিশ্চিত নয়। এটিকে ক্যানসারের নিরাময় হিসেবেও দেখার সুযোগ নেই।

কয়েক দশকের মধ্যে বড় অগ্রগতি

ক্যানসার রিসার্চ ইউকে এই গবেষণার ফলাফলকে অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় ‘কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি’ বলে অভিহিত করেছে।

সংস্থাটির চিকিৎসক স্যাম গডফ্রে বিবিসিকে বলেন, গবেষণার ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক। তার ভাষায়, নতুন ওষুধটি এমন একটি সমস্যার সমাধানের পথ দেখিয়েছে, যেটিকে এত দিন ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব বলে মনে করা হতো। তিনি বলেন, অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় দীর্ঘদিন ধরে যে অগ্রগতির অপেক্ষা ছিল, অবশেষে তা দেখা যাচ্ছে।

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসা করা অত্যন্ত কঠিন। যুক্তরাজ্যে সাধারণ ক্যানসারগুলোর মধ্যে এ রোগে আক্রান্তদের বেঁচে থাকার হার সবচেয়ে কম। কেমোথেরাপিতে টিউমারের আকার কিছুটা কমলেও প্রায়ই আবার ক্যানসারের বিস্তার শুরু হয়। রোগের অগ্রসর পর্যায়ে আক্রান্ত অধিকাংশ রোগী বছরের বদলে কয়েক মাস বেঁচে থাকেন।

নতুন চিকিৎসাটি ক্যানসার পুরোপুরি নির্মূল করতে না পারলেও রোগীদের আয়ু বাড়াতে সহায়তা করতে পারে বলে আশা করছেন চিকিৎসকেরা।

গবেষণায় রোগীদের গড়ে দেড় বছর পর্যবেক্ষণ করা হয়েছে। এ সময়ে কারও কারও শরীরে ক্যানসার ফিরে আসেনি। তবে রোগটি কত দিন নিয়ন্ত্রণে রাখা সম্ভব, তা জানতে আরও দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন।

কীভাবে কাজ করে ওষুধটি?

ড্যারাক্সনরাসিব একটি লক্ষ্যভিত্তিক ক্যানসারবিরোধী ওষুধ। এটি আরএএস নামের নির্দিষ্ট জিনগত পরিবর্তনকে লক্ষ্য করে কাজ করে। অগ্ন্যাশয়ের অধিকাংশ ক্যানসারে এই পরিবর্তন পাওয়া যায়, যা টিউমারের বৃদ্ধি ও বিস্তারে ভূমিকা রাখে।

ওষুধটি এসব পরিবর্তনের কার্যক্রম বন্ধ করে ক্যানসার কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণের চেষ্টা করে। ফুসফুস ও ডিম্বাশয়ের ক্যানসারসহ আরও কয়েক ধরনের ক্যানসারেও একই ধরনের জিনগত পরিবর্তন দেখা যায়। ফলে ভবিষ্যতে এসব ক্যানসারের চিকিৎসাতেও ওষুধটি কার্যকর হতে পারে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারের চিকিৎসক উংকি পার্ক বলেন, এখন পর্যন্ত পাওয়া ফলাফল অত্যন্ত উৎসাহব্যঞ্জক। টিউমারের ওপর ওষুধটির প্রভাব বাড়ার পাশাপাশি রোগ নিয়ন্ত্রণে রাখার সময়ও প্রায় দ্বিগুণ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে এর ফলে রোগীদের বেঁচে থাকার সময় বাড়তে পারে।

সম্মেলনের সভাপতি অধ্যাপক এলেনা গারালদা বলেন, নতুন এই সম্মিলিত চিকিৎসা রোগীদের সামগ্রিক বেঁচে থাকার সময় বাড়ানোর পাশাপাশি টিউমারের পুনরায় বৃদ্ধি শুরু হওয়ার আগের সময়ও দীর্ঘায়িত করতে পারে।

তবে চিকিৎসকেরা সতর্ক করেছেন, স্ক্যানে ক্যানসারের অস্তিত্ব দেখা না গেলেও রোগী পুরোপুরি ক্যানসারমুক্ত হয়েছেন, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। এ জন্য দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ ও আরও গবেষণা জরুরি।

সূত্র:বিবিসি

ইসরাইলের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন প্রয়োগ করা প্রয়োজন: আল-সাইয়েদ

ইরানে নতুন হামলার সিদ্ধান্ত নিতে ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করবেন ট্রাম্প

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায় পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র

ট্রাম্প প্রশাসনকে বিনা মূল্যে ১৪৭ কোটি টাকার আইনি সেবা দিয়েছে কার্কল্যান্ড অ্যান্ড এলিস

অভিশংসন প্রস্তাব আটকালেও নজরদারিতে হেগসেথ

পদত্যাগ করলেন মার্কিন সাইবার পরিচালক

ইরানের সঙ্গে টেকসই চুক্তি চান ট্রাম্প

ধর্মীয় বিশ্বাসের প্রভাব মানুষের চরিত্র-আচরণে প্রকাশ পাওয়া উচিত: জেফরি ল্যাং

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা ও মিত্রদের সতর্ক করে ডেমোক্র্যাটদের চিঠি

আধুনিক যুক্তরাষ্ট্রের অগ্রযাত্রায় অবদান রাখা ১০ মুসলিম ব্যক্তিত্ব