হোম > বিশ্ব > আমেরিকা

ইসলাম আমাকে বিনয়ী হতে শিখিয়েছে: মাইক টাইসন

আমার দেশ অনলাইন

সাবেক বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন মাইক টাইসন। ছবি-সংগৃহীত

সাবেক বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন মাইক টাইসনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি বক্তব্য। সেখানে তাকে বলতে দেখা যাচ্ছে, একসময় তিনি খুব অহংকারী ও উদ্ধত ছিলেন। কিন্তু ইসলাম তাকে শিখিয়েছে কীভাবে বিনয়ী ও নম্র হতে হয়। আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা তাকে জীবনের সঠিক পথ দেখিয়েছে বলেও বক্তব্যটিতে উল্লেখ করা হয়েছে।

ইসলাম গ্রহণের পর নিজের মধ্যে বিনয়ী হওয়ার চেষ্টা এবং আল্লাহর ওপর নির্ভরশীলতার কথা বিভিন্ন সময়ে প্রকাশ্য সাক্ষাৎকারে বলেছেন টাইসন। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের সাংবাদিক ল্যারি কিংয়ের সঙ্গে সিএনএনের এক সাক্ষাৎকারে টাইসন নিজের অতীত আচরণ নিয়ে কথা বলেন।

সেখানে তিনি বলেন, কারাবাসের সময় ইসলাম সম্পর্কে জানার এবং মুসলিম হওয়ার সুযোগ পেয়েছিলেন। তার উপলব্ধি হয়েছিল, বিনয় মানুষের অন্যতম সেরা গুণ। অতীতে তিনি দাম্ভিক ও আত্মপ্রচারপ্রবণ ছিলেন, যার কারণে জীবনে এমন অনেক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, যা তিনি চাননি। এখন তিনি একজন বিনয়ী মানুষ হতে চান এবং সহজ-সরল জীবনযাপন করতে আগ্রহী।

২০১৩ সালে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারেও ইসলাম ও আল্লাহর প্রতি নিজের নির্ভরতার কথা তুলে ধরেন সাবেক এই বক্সার। তিনি বলেন, ‘আমি মুসলিম হতে পেরে অত্যন্ত কৃতজ্ঞ। আল্লাহর আমাকে প্রয়োজন নেই, বরং আমার আল্লাহকে প্রয়োজন।’

একই সাক্ষাৎকারে নিজের বিনয়ী হওয়ার চেষ্টা নিয়ে টাইসন বলেন, নিজেকে কখনোই পুরোপুরি বিনয়ী মনে করতে পারেন না তিনি। তবে বিনয়ী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার মতে, নিজেকে অতিরিক্ত গুরুত্ব না দেওয়াও বিনয়ী হওয়ার একটি অংশ।

টাইসনের জীবনে ইসলাম ও আত্মিক পরিবর্তনের প্রসঙ্গ এসেছে ১৯৯৫ সালে কারামুক্তির পর দেওয়া সাক্ষাৎকারেও। সে সময় দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে তার ঘনিষ্ঠজনদের বক্তব্য তুলে ধরে বলা হয়, ইসলাম তাকে জীবনের উদ্দেশ্য ও দিকনির্দেশনা দিয়েছে। কারামুক্তির পর মসজিদে গিয়ে নামাজ আদায় করার পরিকল্পনাও ছিল তার।

১৯৯৫ সালের আগস্টে দ্য ওয়াশিংটন পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে টাইসন বলেছিলেন, কারাগারে ইসলাম গ্রহণ তার মধ্যে পরিবর্তন এনেছে। আগের তুলনায় তিনি নিজেকে বেশি বিনয়ী মনে করেন এবং আল্লাহর সঙ্গে তার সম্পর্কও গভীর হয়েছে বলে জানান।

তবে টাইসনের ইসলাম গ্রহণের সময় নিয়ে বিভিন্ন প্রতিবেদনে কিছু পার্থক্য রয়েছে। ১৯৯২ সালে কারাগারে থাকার সময় তিনি ইসলাম সম্পর্কে পড়াশোনা করছিলেন বলে জানিয়েছিলেন; সে সময় সংশ্লিষ্ট মুসলিম সংগঠনের পক্ষ থেকেও বলা হয়েছিল, তিনি তখনো আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেননি।

মাইক টাইসন ১৯৬৬ সালের ৩০ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন। মাত্র ২০ বছর বয়সে হেভিওয়েট বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েন তিনি। শক্তিশালী ঘুষি ও আক্রমণাত্মক লড়াইয়ের কারণে ‘আয়রন মাইক’ নামে পরিচিতি পান। তবে বক্সিংয়ের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনে নানা বিতর্ক, আইনি জটিলতা ও আসক্তির সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে।

২০১৪ সালে ইউরোনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অতীত ও বর্তমান জীবনের পার্থক্য তুলে ধরে টাইসন বলেছিলেন, জীবনের অভিজ্ঞতা তাকে ধীরে ধীরে পরিণত করেছে। একসময় প্রচুর অর্থ ও খ্যাতি থাকলেও মানসিক শান্তি ছিল না। তার উপলব্ধি, মানুষ বিনয়ী না হলে জীবনই একসময় তাকে বিনয়ী হতে বাধ্য করে।

বিনয়, আত্মশুদ্ধি ও আল্লাহর প্রতি নির্ভরতা নিয়ে তার অতীতের একাধিক সাক্ষাৎকারে বক্তব্য পাওয়া যায়।

সূত্র: সিএনএন, ফক্স নিউজ, ইউপিআই আর্কাইভস, দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান ও ইউরোনিউজ

মামদানির গোঁফ নিয়ে তোলপাড়, কেউ দেখছেন সাদ্দাম হোসেনের ছায়া

জেনসেন হুয়াংকে আর সিইও পদে ফেরাবে না এনভিডিয়া

ইরানের ‘ডার্টি বোম্ব’ হামলার আশঙ্কা নিয়ে যা বললেন রুবিও

যুক্তরাষ্ট্রের আরেকটি সিনেট আসনে ডেমোক্র্যাটদের জয়

ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিচারের দাবি রাশিদা তালিবের

২৬ বছর পর হাম-মুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে মুসলিম সংগঠনকে সন্ত্রাসী তকমা প্রত্যাহারের ঘোষণা

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে আগ্রহ বাড়ছে তরুণদের, ১৮ বছরেই নির্বাচিত জনপ্রতিনিধি

বিক্ষোভ দমনে বিতর্কিত পুলিশ ইউনিট ভেঙে দিলেন মামদানি

ট্রাম্পের ডিইআইবিরোধী নীতিতে ধাক্কা, গবেষণা অনুদান বাতিলের আবেদন খারিজ