যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক একটি পোস্ট দিয়েছে হোয়াইট হাউস। প্রকাশিত ছবিতে দেখা যায়, দাপ্তরিক ডেস্কের ওপর ঝুঁকে আছেন ট্রাম্প। ছবির সঙ্গে লেখা হয়েছে, ‘জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, ট্রাম্পই এখনো আপনাদের প্রেসিডেন্ট।’
বুধবার হোয়াইট হাউস তাদের এক্স অ্যাকাউন্টে ছবিটি প্রকাশ করা হয়। এর আগের দিন অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট—কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা। ফলে কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতার অবসান ঘটেছে।
নির্বাচনের এ ফলাফল ট্রাম্পের আইন প্রণয়নের পরিকল্পনা বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এতদিন প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় আইন প্রণয়নে সুবিধাজনক অবস্থানে ছিলেন তিনি। কিন্তু নতুন পরিস্থিতিতে ট্রাম্পের বিভিন্ন উদ্যোগ আটকে দেওয়ার পাশাপাশি আইন প্রণয়নে ডেমোক্র্যাটদের প্রভাব বাড়বে।
নির্বাচনের ফল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডেমোক্র্যাটদের সাফল্যের কথা স্বীকার করেছেন ট্রাম্প। তবে তার দাবি, তিনি নিজে নির্বাচনে প্রার্থী হলে রিপাবলিকানরা আরও ভালো ফল করতেন।
ইরান বিষয়ে নিজের নীতির প্রতি ভোটারদের সমর্থন ছিল বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে তৈরি হওয়া সাময়িক অর্থনৈতিক চাপ ভোটাররা মেনে নিতে চাননি বলে মনে করেন তিনি।
ডেমোক্র্যাটদের নির্বাচনি প্রচারণার প্রশংসা করলেও ফলাফলকে নিজের বিরুদ্ধে কোনো বার্তা কিংবা ব্যক্তিগত পরাজয় হিসেবে মানতে নারাজ ট্রাম্প। তিনি বলেন, নির্বাচনে তারা কঠোর পরিশ্রম করেছেন।
তবে কংগ্রেসে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতার পথও খোলা রাখতে চান ট্রাম্প। অভিবাসনসহ বিভিন্ন ইস্যুতে দলটির সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, ‘অনেক অনেক বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে একযোগে কাজ করতে আমরা প্রস্তুত।’
সূত্র: আনাদোলু এজেন্সি