ফিলিস্তিনপন্থি আন্দোলনের কর্মী ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহমুদ খলিল মার্কিন বিচার বিভাগের (ডিওজে) বিরুদ্ধে মামলা করেছেন। অভিবাসন বিচারক ও আপিল বোর্ডের সঙ্গে সরকারি কর্মকর্তাদের সম্ভাব্য যোগাযোগের নথি প্রকাশে ব্যর্থ হওয়ায় বুধবার তিনি এ মামলা করেন।
গত মে মাসে তথ্য অধিকার আইনে (ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্ট) এসব নথি চেয়ে আবেদন করেছিলেন খলিল। তবে প্রশাসন তা প্রকাশ করেনি। এর আগে নিউইয়র্ক টাইমস-এর এক অনুসন্ধানে খলিলের অভিবাসন মামলার অস্বাভাবিক দ্রুত নিষ্পত্তি এবং আপিল বোর্ডের কয়েকজন সদস্যের সরে দাঁড়ানোর বিষয়টি উঠে আসে।
খলিলের দাবি, ফিলিস্তিনের পক্ষে কথা বলার কারণে তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। এ উদ্দেশ্যে অভিবাসন বিচারব্যবস্থাকে তার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে।
২০২৫ সালের মার্চে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেন। টানা ১০৪ দিন আটক থাকার পর জুনে এক ফেডারেল বিচারকের আদেশে মুক্তি পান তিনি। তবে তার বিরুদ্ধে বহিষ্কার প্রক্রিয়া এখনো চলমান। এদিকে ফেডারেল আদালতে মতপ্রকাশের স্বাধীনতাসংক্রান্ত মামলা চলায় তাকে পুনরায় গ্রেপ্তার করা যাবে না।
খলিলের আইনজীবীরা জানিয়েছেন, মামলার প্রতিটি পর্যায়ে তার সঙ্গে অস্বাভাবিক আচরণ করা হয়েছে। অভিবাসন বিচারক, আপিল বোর্ডের সদস্য এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে কোনো যোগসাজশ ছিল কি না, তা খতিয়ে দেখতেই প্রয়োজনীয় নথি চাওয়া হয়েছে।
এর আগে জুলাইয়ে ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তা, হেরিটেজ ফাউন্ডেশন এবং দুটি ইসরাইলপন্থি সংগঠনের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন খলিল। সেপ্টেম্বরে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও মামলা করেন তিনি। গত মাসে নিজের মামলাটি শুনতে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানান।
খলিলের মামলাটি সুপ্রিম কোর্টে উঠলে ফিলিস্তিনপন্থি বক্তব্যের কারণে যুক্তরাষ্ট্রে অভিবাসনসংক্রান্ত হয়রানির শিকার অমার্কিন নাগরিকদের অধিকার ও বিচারিক সুরক্ষার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ