যুক্তরাষ্ট্রের সামরিক সংবাদপত্র স্টারস অ্যান্ড স্ট্রাইপস-এর তিন সাংবাদিক ও শীর্ষ কর্মকর্তা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন। সংবাদপত্রটির সম্পাদকীয় স্বাধীনতা ক্ষুণ্ন করতে তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। তাদের মতে, এটি মতপ্রকাশের স্বাধীনতার লঙ্ঘন।
মামলাকারীরা হলেন প্রকাশক ম্যাক্স লেডারার, প্রধান সম্পাদক এরিক স্লাভিন এবং মধ্যপ্রাচ্যবিষয়ক প্রতিবেদক লারা কোর্টে। তারা অভিযোগ করেছেন, প্রতিরক্ষা দপ্তর ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই সেন্সরশিপ প্রচেষ্টায় যুক্ত।
গত ২১ আগস্ট তিনজনকেই বরখাস্তের নোটিশ দেওয়া হয়। এর আগে কোর্টে ও স্লাভিন সিবিএস সানডে মরনিংয়ে স্টারস অ্যান্ড স্ট্রাইপসে স্বাধীন সাংবাদিকতার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছিলেন। ওই সাক্ষাৎকারকেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অন্যতম কারণ হিসেবে দেখানো হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।
পেন্টাগন এর আগে সংবাদপত্রটির কার্যক্রম আধুনিকায়ন এবং এর বিষয়বস্তু সামরিক কার্যক্রম, অস্ত্র, যুদ্ধক্ষমতা ও সেনাদের কল্যাণকেন্দ্রিক করার কথা জানিয়েছিল। সমালোচকদের অভিযোগ, এর আড়ালে সংবাদপত্রটির স্বাধীনতা সীমিত করার চেষ্টা চলছে।
মামলায় আরো বলা হয়, ইউএসএস আব্রাহাম রণতরীতে দীর্ঘমেয়াদি মোতায়েনের কারণে খাদ্য ও সরবরাহ সংকট এবং নাবিকদের মানসিক চাপ নিয়ে স্টারস অ্যান্ড স্ট্রাইপসে প্রতিবেদন প্রকাশের পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হেগসেথ এসব প্রতিবেদনকে ভুয়া বলে প্রত্যাখ্যান করেছেন।
মামলাকারীদের দাবি, সামরিক সদস্যদের জন্য নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য সংবাদ সরবরাহ করতে স্টারস অ্যান্ড স্ট্রাইপসের ঐতিহাসিক সম্পাদকীয় স্বাধীনতা রক্ষা করা জরুরি। মামলাটি ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালতে শুনানি হওয়ার কথা।
সূত্র: আল জাজিরা
আরএ