সিএনএনের জরিপ
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলার সিদ্ধান্তে অধিকাংশ আমেরিকান অসন্তুষ্ট। নতুন এক জরিপে দেখা গেছে, প্রায় ৬০ শতাংশ মার্কিন নাগরিক এই হামলার বিরোধিতা করছেন এবং অনেকেই মনে করছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদি সামরিক সংঘাতের সম্ভাবনা রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের জন্য এসএসআরএস পরিচালিত জরিপ অনুযায়ী, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পরপরই করা এই সমীক্ষায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা নিয়েও ব্যাপক সন্দেহ প্রকাশ করা হয়েছে।
জরিপে অংশ নেওয়া ৬০ শতাংশ আমেরিকান মনে করেন, ইরান পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্পের স্পষ্ট কোনো পরিকল্পনা নেই। এছাড়া ৬২ শতাংশের মত, ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার আগে প্রেসিডেন্টের কংগ্রেসের অনুমোদন নেওয়া উচিত।
কূটনৈতিক উদ্যোগ নিয়েও রয়েছে প্রশ্ন। মাত্র ২৭ শতাংশ মনে করেন, সামরিক পদক্ষেপ নেওয়ার আগে যুক্তরাষ্ট্র যথেষ্ট কূটনৈতিক চেষ্টা করেছে। বিপরীতে ৩৯ শতাংশ মনে করেন, ওয়াশিংটন আরও বেশি কূটনৈতিক প্রচেষ্টা চালানো উচিত ছিল, আর ৩৩ শতাংশ এ বিষয়ে অনিশ্চিত।
সামগ্রিকভাবে জরিপে দেখা যায়, ৫৯ শতাংশ আমেরিকান ইরানে হামলার সিদ্ধান্তের বিরোধিতা করছেন, আর ৪১ শতাংশ সমর্থন জানিয়েছেন। তীব্র বিরোধিতা (৩১%) তীব্র সমর্থনের (১৬%) তুলনায় প্রায় দ্বিগুণ।
ইরানের সরকার উৎখাতের বিষয়ে মতভেদ রয়েছে। ৪৪ শতাংশ এ ধরনের প্রচেষ্টাকে সমর্থন করলেও ৫৬ শতাংশ এর বিরোধিতা করেছেন।
তবে সরাসরি স্থলসেনা পাঠানোর পক্ষে সমর্থন খুবই কম। মাত্র ১২ শতাংশ ইরানে মার্কিন স্থলসেনা পাঠানোর পক্ষে, ৬০ শতাংশ এর বিরোধিতা করেন এবং ২৮ শতাংশ এ বিষয়ে অনিশ্চিত।
জরিপে অংশ নেওয়া ৫৬ শতাংশ মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদি সামরিক সংঘাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ২৪ শতাংশ এটিকে ‘খুবই সম্ভাব্য’ বলে মনে করেন।
অন্যদিকে, অনেকেই মনে করছেন এই হামলা যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকি কমাবে না। ৫৪ শতাংশের মতে, এই সামরিক পদক্ষেপের ফলে ইরান বরং যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় হুমকিতে পরিণত হতে পারে। মাত্র ২৮ শতাংশ মনে করেন, এতে ইরানের হুমকি কমবে।
রাজনৈতিকভাবে এ ইস্যুতে বিভক্তি স্পষ্ট। রিপাবলিকানদের ৭৭ শতাংশ হামলাকে সমর্থন করেছেন, যেখানে স্বতন্ত্র ভোটারদের মধ্যে সমর্থন ৩২ শতাংশ এবং ডেমোক্র্যাটদের মধ্যে মাত্র ১৮ শতাংশ।
রিপাবলিকানদের মধ্যেও আবার বিভাজন দেখা গেছে। ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ আন্দোলনের সমর্থকরা প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের প্রতি অনেক বেশি সমর্থন ও আস্থা দেখিয়েছেন, যেখানে অন্য রিপাবলিকানদের মধ্যে সমর্থন তুলনামূলকভাবে কম।
তবে সামগ্রিকভাবে জরিপে দেখা যায়, বয়স, লিঙ্গ ও জাতিগত বিভাজন নির্বিশেষে অধিকাংশ মার্কিন নাগরিকই ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার বিরোধিতা করছেন।
এসআর