দীর্ঘ কয়েক মাস ধরে চলা দাবানলের ধোঁয়ায় সৃষ্ট সীমান্তপারের বায়ুদূষণের জন্য সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছে ক্ষমা চেয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।
রোববার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শুরু হওয়া আসিয়ান সম্মেলনের এক অধিবেশনে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে বনাঞ্চলে আগুন লাগার ঘটনায় জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
প্রেসিডেন্ট প্রাবোও জানান, ইতোমধ্যে ১৭টি কোম্পানির বন ব্যবহারের অনুমতি বাতিল করা হয়েছে। আরো ২৬টি কোম্পানির বিরুদ্ধে তদন্ত চলছে এবং ১১টির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগের মুখে রয়েছে আরো ২৩টি কোম্পানি। সব মিলিয়ে ১০৪টি কোম্পানি পুলিশের তদন্তের আওতায় রয়েছে।
দাবানল নিয়ন্ত্রণে ৭১ হাজার বনকর্মী মোতায়েন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগুন নেভানোর কাজে নিয়োজিত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দাবানল প্রতিরোধে নতুন একটি সংস্থা গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
গত ১১ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখে পড়েছে ইন্দোনেশিয়া। দেশটির সুমাত্রা, বোর্নিও ও পাপুয়া দ্বীপের বিস্তীর্ণ বনাঞ্চল পুড়ে গেছে। আগুনের ধোঁয়ায় গত কয়েক মাস ধরে প্রতিবেশী সিঙ্গাপুর ও মালয়েশিয়ার আকাশও ঢেকে যায়।
এদিকে, ২০০২ সালের আসিয়ান ট্রান্সবাউন্ডারি হেজ দূষণবিষয়ক চুক্তিতে সদস্যদেশগুলো আন্তসীমান্ত বায়ুদূষণ মোকাবিলায় সহযোগিতার অঙ্গীকার করলেও এর বাস্তবায়ন কার্যত ধীরগতিতে চলছে। চুক্তিতে বিরোধ নিষ্পত্তির জন্য কোনো বিচারিক সংস্থার ব্যবস্থাও নেই।
তবে সাম্প্রতিক বৃষ্টিপাত ও দাবানলের হটস্পট কমে আসায় পরিস্থিতির উন্নতি হয়েছে।
সূত্র: আলজাজিরা
আরএ