ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে চলমান বিক্ষোভের মধ্যে নতুন করে সহিংসতা ও বিশৃঙ্খলার আশঙ্কা করছে সরকার। আগামী শনিবার হ্যালোইন উৎসবের দিন দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন। এ পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার করতে ৭০ হাজার পুলিশ ও জেনদার্ম (আধাসামরিক পুলিশ) সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বলেছেন, ৩১ অক্টোবর জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার ঝুঁকি ‘অত্যন্ত বেশি’।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নুনেজ এ ঘোষণা দেন। তিনি জানান, গত সপ্তাহে বিক্ষোভের সময় সাঁজোয়া যান ও জলকামান ব্যবহারের যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, এবারও তা জোরদার করা হবে।
শনিবারের বিক্ষোভ মোকাবিলায় গত সপ্তাহের সমানসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে। তার ভাষায়, এটি একটি ‘ব্যতিক্রমী ব্যবস্থা’।
জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে ফ্রান্সজুড়ে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। এসব কর্মসূচির কিছু একপর্যায়ে ব্যাপক লুটপাট ও দাঙ্গায় রূপ নেয়। গত শনিবার দেশজুড়ে বিক্ষোভে প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, প্রকৃত অংশগ্রহণকারীর সংখ্যা ছিল সরকারি হিসাবের প্রায় দ্বিগুণ। এর আগের সপ্তাহের বিক্ষোভে ২ হাজার ৭০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে মন্ত্রণালয়।
হ্যালোইনের মুখোশ নিয়ে সতর্কতা
হলুদ জ্যাকেট আন্দোলন ও শিক্ষার্থী সংগঠনগুলো আগামী শনিবার নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে। হ্যালোইন উপলক্ষে মুখোশ বা পোশাক দিয়ে মুখ ঢাকার সুযোগ নিয়ে কেউ যেন জনসমাগমস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সে বিষয়ে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নুনেজ বলেন, হ্যালোইনকে মুখ ঢেকে রাখার বৈধ অজুহাত হিসেবে ব্যবহার করে কেউ যেন সহিংসতা বা বিশৃঙ্খলায় জড়াতে না পারে। বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে। তবে যেসব শহরের কেন্দ্রে জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে, সেখানে বিক্ষোভ করতে দেওয়া হবে না।
এদিকে ফ্রান্সের প্রায় ১৫টি শহরে বামপন্থি বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ানো উগ্র ডানপন্থি গোষ্ঠীগুলোকেও সতর্ক করেছেন নুনেজ। তিনি বলেন, কোনো ধরনের বাড়াবাড়ি সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ‘অত্যন্ত কঠোর’ ব্যবস্থা নেবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো অভিযোগ করেন, উগ্র বামপন্থি গোষ্ঠী এবং হলুদ জ্যাকেট আন্দোলনের কিছু কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যালোইনের সন্ধ্যায় বিক্ষোভের প্রচার চালাচ্ছেন। এসব বার্তায় ‘বিপ্লবের’ ডাক দেওয়া হচ্ছে। এ ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হবে বলে জানান তিনি।
হলুদ জ্যাকেট আন্দোলন ইতিমধ্যে হ্যালোইনের দিন তাদের বিক্ষোভের ‘তৃতীয় পর্ব’ আয়োজনের ঘোষণা দিয়েছে। এ উপলক্ষে দেশটির পার্লামেন্ট ভবন এবং সারা দেশের সব পৌরসভা কার্যালয়ের সামনে বিক্ষোভের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এএম