হোম > বিশ্ব > ইউরোপ

১৬ বছরের নিচে সামাজিক মাধ্যম নিষিদ্ধের পক্ষে ভোট দিল ব্রিটিশ উচ্চকক্ষ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডস বুধবার ১৬ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে সরকারকে অস্ট্রেলিয়ার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য চাপ আরও বেড়েছে।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার বলেন, শিশুদের সুরক্ষার বিষয়ে তিনি কোনো বিকল্পই নাকচ করছেন না। তবে সরকার চলতি গ্রীষ্মে শেষ হওয়ার কথা থাকা একটি পরামর্শ প্রক্রিয়ার ফলাফলের আগে আইন প্রণয়নে যেতে চায় না।

অস্ট্রেলিয়ায় গত ১০ ডিসেম্বর থেকে ১৬ বছরের নিচে শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকেই যুক্তরাজ্যে একই ধরনের আইন প্রণয়নের দাবি জোরালো হয়েছে। বিরোধী দলগুলোর পাশাপাশি ক্ষমতাসীন লেবার পার্টির মধ্যেও এই দাবি উঠছে।

বিরোধী কনজারভেটিভ দলের আইনপ্রণেতা জন ন্যাশ উত্থাপিত সংশোধনীটি হাউস অব লর্ডসে ২৬১ ভোটের পক্ষে এবং ১৫০ ভোটের বিপক্ষে পাস হয়। এটি লেবার ও লিবারেল ডেমোক্র্যাট দলের একজন করে সদস্যের সহসমর্থনে আনা হয়।

ভোটের পর জন ন্যাশ বলেন, “আজ রাতে লর্ডস সভা আমাদের শিশুদের ভবিষ্যৎকে অগ্রাধিকার দিয়েছে। এই ভোট সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে একটি প্রজন্মের ওপর নেমে আসা ভয়াবহ ক্ষতি থামানোর প্রক্রিয়া শুরু করল।”

ভোটের আগে ডাউনিং স্ট্রিট জানায়, সরকার এই সংশোধনী গ্রহণ করবে না। এখন প্রস্তাবটি লেবার-নিয়ন্ত্রিত নিম্নকক্ষ হাউস অব কমন্সে যাবে। ইতোমধ্যে লেবার পার্টির ৬০ জনের বেশি এমপি প্রধানমন্ত্রী স্টারমারকে নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিতে আহ্বান জানিয়েছেন।

অভিনেতা হিউ গ্রান্টসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি সরকারের প্রতি এই প্রস্তাব সমর্থনের আহ্বান জানিয়েছেন। তাদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের রক্ষা করতে শুধু অভিভাবকদের পক্ষে যথেষ্ট নয়।

তবে কিছু শিশু সুরক্ষা সংগঠন সতর্ক করে বলেছে, এ ধরনের নিষেধাজ্ঞা অভিভাবক ও সমাজের মধ্যে মিথ্যা নিরাপত্তাবোধ তৈরি করতে পারে।

গত ডিসেম্বর ইউগভ পরিচালিত এক জরিপে দেখা যায়, যুক্তরাজ্যের ৭৪ শতাংশ মানুষ ১৬ বছরের নিচে শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন। এদিকে, অনলাইন সেফটি অ্যাক্টের আওতায় ক্ষতিকর কনটেন্টের ক্ষেত্রে কঠোর বয়স যাচাই ব্যবস্থা চালুর বিধান ইতোমধ্যে কার্যকর রয়েছে।

সূত্র: এএফপি

এসআর

রাজনীতিক-ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের সুইস ব্যাংক কেন পছন্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আরও বিস্তারিত জানালেন ইরানের প্রেসিডেন্ট

মাদক খুঁজতে গিয়ে পাবলো পিকাসোর চিত্রকর্ম উদ্ধার করল পুলিশ

দুর্নীতির মামলায় ফেঁসে গেলেন স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী বেগোনা

ফ্রান্সে মদের ওপর কড়াকড়ি, কিন্তু কেন ?

স্টারমারের পদত্যাগ নিয়ে জোর গুঞ্জন

কিংবদন্তি রবিন হুডের সাক্ষী ১,২০০ বছরের ‘মেজর ওক’ গাছটি মারা গেছে

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড

যুক্তরাজ্যে ট্রেন দুর্ঘটনায় চালকের মৃত্যু, ১১ জনের অবস্থা আশঙ্কাজনক

মেলোনিকে নিয়ে ট্রাম্পের মন্তব্যে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বাতিল