সহিংস বিক্ষোভের জেরে ফ্রান্সের একাধিক শহরে কারফিউর মেয়াদ বৃদ্ধি এবং বিভিন্ন স্থানে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। রাজধানী প্যারিস ও লিওঁতে আগে থেকে জারি থাকা বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে। অন্যদিকে, মার্সেই শহরে প্রথমবারের মতো অপ্রাপ্তবয়স্কদের লক্ষ্য করে কারফিউ জারি করা হয়েছে।
সংবাদমাধ্যম ফ্রান্স ইনফোর তথ্য অনুযায়ী, প্যারিসে কারফিউর আওতা বাড়িয়ে প্লাস দে লা রিপাবলিক ও লে আল এলাকার কিছু অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে।
এছাড়া রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত অনুমতি ছাড়া সব ধরনের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে কর্তৃপক্ষ। এ নিষেধাজ্ঞার আওতায় রাজধানীর এলিসি প্রাসাদ, জাতীয় পরিষদ, সিনেট, শঁজেলিজে, শাতলে এবং প্রধান রেলস্টেশনগুলোর আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাও রয়েছে।
লিওঁ শহরের কেন্দ্রস্থলে রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউর মেয়াদ বাড়ানো হয়েছে। পাশাপাশি, জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা সন্ধ্যা ৬টার পরিবর্তে বিকেল ৪টা থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারফিউ শুরু হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এদিকে, উপকূলীয় শহর মার্সেইয়ের মেয়র বেনোয়া পায়াঁ শহরের কেন্দ্রস্থলের কিছু এলাকায় অপ্রাপ্তবয়স্কদের জন্য স্থানীয় সময় রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ ঘোষণা করেছেন। মঙ্গলবার রাত থেকে আগামী কয়েক দিন এ বিধিনিষেধ কার্যকর থাকবে।
তুলুজ শহরেও বৃহস্পতিবার রাত থেকে রোববার পর্যন্ত কারফিউ জারির ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। সেখানে প্রতিদিন মধ্যরাত থেকে ভোর ৫টা পর্যন্ত এ বিধিনিষেধ বলবৎ থাকবে। এছাড়া বোর্দো ও নিস শহরে আগে ঘোষিত কারফিউ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী কার্যকর থাকবে।
অন্যদিকে, নতুন করে বিক্ষোভের কর্মসূচি ঘোষণার পরিপ্রেক্ষিতে শনিবারের ফরাসি লিগ টু-এর একটি ম্যাচ স্থগিত করেছে ফ্রেঞ্চ প্রফেশনাল ফুটবল লিগ। শনিবার বিকেলে মন্টপেলিয়ের ও প্যারিসের ক্লাব রেড স্টারের মধ্যকার ম্যাচটি কর্তৃপক্ষের অনুরোধে আগামী সোমবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার ফ্রান্সজুড়ে ১১০টি বিক্ষোভ কর্মসূচিতে প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ অংশ নেন। এর মধ্যে রাজধানী প্যারিসেই বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ১০ হাজার। দেশজুড়ে এসব বিক্ষোভের ঘটনায় প্রায় ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র: আনাদোলু
আরএ