ইরানের ওপর পারমাণবিক হামলার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির কড়া সমালোচনা ও উপহাস করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ট্রাম্পের এই মন্তব্যকে ‘অদ্ভুত বৈপরীত্য’ হিসেবে অভিহিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসমাইল বাঘাই বলেন, এটি একটি অদ্ভুত বিষয়, তারা একদিকে শান্তি খোঁজা এবং পারমাণবিক সংকট প্রতিরোধের দাবি করে, অন্যদিকে ইরানে বড় ধরনের বোমা হামলার কথাও বলে।
নিজের পোস্টের সঙ্গে বাঘাই ১৯৬৪ সালের বিখ্যাত মার্কিন চলচ্চিত্র ‘ডক্টর স্ট্রেঞ্জলাভ’-এর একটি ক্লিপ যুক্ত করেন। পরিচালক স্ট্যানলি কুবরিকের এই যুদ্ধবিরোধী ব্যঙ্গাত্মক চলচ্চিত্রে ভুলবশত সোভিয়েত ইউনিয়নে একটি পারমাণবিক হামলার সূত্রপাত এবং তা ঠেকাতে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার গল্প তুলে ধরা হয়েছে।
গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প মন্তব্য করেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ব্যর্থ হলে ‘আপনাদের কেবল ইরান থেকে বেরিয়ে আসা বড় ধরনের বোমা হামলা দেখতে হবে।’
উল্লেখ্য, তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করাকে ইরানের সঙ্গে যুদ্ধ সমাপ্তির অন্যতম শর্ত হিসেবে নির্ধারণ করেছেন ট্রাম্প।
সূত্র: আলজাজিরা
এএম