হোম > বিশ্ব > ইউরোপ

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আলজাজিরা

ছবি: ইপিএ

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি ও পুলিশের সহিংসতার প্রতিবাদে আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। শনিবার দেশটির বিভিন্ন শহরে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন ও বিভিন্ন যুব সংগঠনের উদ্যোগে রাজপথে নামেন লাখো মানুষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, দেশজুড়ে বিক্ষোভে অংশ নিয়েছেন ১ লাখ ৬ হাজার মানুষ। তবে কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শনিবারের বিক্ষোভে রাজধানী প্যারিসে অংশ নেন ২৪ হাজার মানুষ। গত সপ্তাহে দেশজুড়ে ১ লাখ ৪৬ হাজার এবং প্যারিসে ৪৬ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিলেন। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় এবার বিক্ষোভকারীর সংখ্যা কমেছে।

তবে বিক্ষোভকারীদের সংখ্যা নিয়ে ভিন্ন হিসাব দিয়েছে শিক্ষার্থীদের ইউনিয়নগুলো। তাদের দাবি, শনিবারের কর্মসূচিতে অংশ নিয়েছেন ২ লাখ মানুষ। তাদের মধ্যে প্রায় ১ লাখ ছিলেন প্যারিসে।

শনিবার বিক্ষোভ ঘিরে আটকের সংখ্যাও আগের বড় কর্মসূচিগুলোর তুলনায় কম ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে ২১৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে প্যারিসে আটকের সংখ্যা ৪৫ বলে জানিয়েছে নগরীর কৌঁসুলিরা।

এক মাসের বেশি সময় ধরে ফ্রান্সে উচ্চবিদ্যালয় অবরোধ, বড় ধরনের বিক্ষোভ ও ধর্মঘট চলছে। শিক্ষার মান কমে যাওয়া, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি এবং পুলিশের সহিংসতার প্রতিবাদে এসব কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা। কয়েকটি কর্মসূচিতে প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সমালোচনা করেও বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন তারা।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে কয়েকটি বিক্ষোভের প্রান্তিক অংশে সহিংসতার ঘটনা ঘটেছে। গত ১৭ অক্টোবরের প্রথম বড় বিক্ষোভে কয়েকটি শহরে লুটপাটের ঘটনাও ঘটে। এরপর থেকে বিক্ষোভস্থলে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। পাশাপাশি পরিবহন চলাচল এবং বিক্ষোভের অনুমতির ক্ষেত্রেও নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে।

ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ে সপ্তাহান্তে বিক্ষোভ নিষিদ্ধ করেছিল কর্তৃপক্ষ। তবে শহরটির প্রশাসনিক দপ্তর জানিয়েছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রায় সাড়ে তিন হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। শহরের একটি জনপ্রিয় চত্বরে আগুন জ্বলতে থাকার ছবিও প্রকাশ করেছে সংবাদমাধ্যমগুলো।

লিয়ঁ শহরেও বিক্ষোভে অংশ নেন প্রায় আট হাজার মানুষ। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, মুখোশ পরা বিক্ষোভকারীরা রাস্তায় জ্বালানো আগুনের সামনে স্লোগান দিচ্ছেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশকে ধাওয়া দিতে এবং কাঁদানে গ্যাস ছুড়তে দেখা গেছে।

নঁত, বোর্দো ও প্যারিসেও বিক্ষোভকারীদের বিরুদ্ধে কাঁদানে গ্যাস ব্যবহারের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার আবারও ধর্মঘটের ডাক

বিক্ষোভের ধারাবাহিকতায় আগামী মঙ্গলবার নতুন করে ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন। ন্যূনতম মজুরি ০ দশমিক ৬ শতাংশ বাড়ানোর সরকারি প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করেছে তারা। ইউনিয়নগুলোর ভাষায়, এই বৃদ্ধি খুবই সামান্য এবং তা কার্যত ‘ছুড়ে দেওয়া কয়েকটি টুকরোর’ মতো।

ধর্মঘট ও বিক্ষোভের কর্মসূচি পালিত হলে তা হবে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে। ২০১৮ সালে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে এ আন্দোলনের সূচনা হয়েছিল। পরে দুই বছর ধরে চলা বিক্ষোভ মাক্রোঁ সরকারের শুরুর সময়টিকে বড় ধরনের চাপে ফেলেছিল।

ইয়েলো ভেস্ট আন্দোলনের খবরাখবর সংরক্ষণকারী ওয়েবসাইট ১৭অক্টোবরগিলেটজাউনেট ডট নেট জানিয়েছে, মঙ্গলবার আন্দোলনকারীরা আট বছর পূর্তি উদ্‌যাপন করবেন সেই জায়গাগুলোতে, যেখান থেকে আন্দোলনের সূচনা হয়েছিল। সারা দেশের বিভিন্ন সড়কের গোলচত্বর ও টোল প্লাজায় এ কর্মসূচি পালনের কথা রয়েছে।

এএম

৭২ ঘণ্টার জরুরি প্রস্তুতি নিতে ব্রিটিশদের প্রতি সরকারের আহ্বান

জার্মান গোয়েন্দাদের হাতে নজিরবিহীন ক্ষমতা দিল পার্লামেন্ট

মেয়র হতে পারেননি অবিবাহিত বলে, তিনিই হতে যাচ্ছেন দেশের প্রথম নারী প্রেসিডেন্ট

নিশীথ সূর্যের দেশ নরওয়ে, সুখী ও শান্তির জনপদ হয়ে উঠল যেভাবে

জার্মানিতে প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন সাবেক হেলিকপ্টার প্রকৌশলী আইগনার

পৃথিবীকে হত্যা করা হচ্ছে, বাঁচাতে নিজেদেরই লড়তে হবে: গ্রেটা থুনবার্গ

সুইডেনে মা-বাবারা পাচ্ছেন ৪৮০ দিনের ছুটি, এই ব্যবস্থার নেপথ্যে কী

আকাশচুম্বী বাড়িভাড়ার প্রতিবাদে স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, রাজপথে লাখো মানুষ

জীবাশ্ম জ্বালানিকে ডাইনোসরের মতো বিলুপ্ত করতে হবে: গুতেরেস

বোমা হামলার হুমকিতে ইতালির ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি