কিউবা যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি নয় এবং সার্বভৌম সমতার ভিত্তিতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ।
শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কিংবা কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই দ্বিপক্ষীয় মতপার্থক্য আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় হাভানা।
ব্রুনো রদ্রিগেজ বলেন, **‘কিউবা কোনো হুমকি নয়। হুমকি হলো অবরোধ।’** আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, ব্যবসায়িক সম্পর্ক ও সহযোগিতা গড়ে তুলতেও কিউবা প্রস্তুত বলে জানান তিনি।
মার্কিন অর্থনৈতিক অবরোধের তীব্র সমালোচনা করে কিউবার পররাষ্ট্রমন্ত্রী এটিকে ‘সমষ্টিগত শাস্তির একটি পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন। তার অভিযোগ, কিউবার পরিবারগুলোর ওপর দুর্ভোগ সৃষ্টি করতেই এই অবরোধ পরিকল্পিতভাবে আরোপ করা হয়েছে।
রদ্রিগেজ আরও অভিযোগ করেন, কিউবায় মানবিক সংকট সৃষ্টি করাই ওয়াশিংটনের নীতির লক্ষ্য। এ ধরনের পদক্ষেপকে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র: আনাদোলু এজেন্সি
এমএমআর