ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে নিখোঁজ হওয়া ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য কে ভেনুর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে আসামের কাছাড় জেলার সীমান্তবর্তী এলাকা থেকে প্রবাহিত কুশিয়ারা নদীতে তার লাশ পাওয়া যায়। সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।
বিএসএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
৩২ বছর বয়সি কনস্টেবল কে ভেনু আসামের কাছাড় জেলার কাটিগড়ার হরিনগর সীমান্ত চৌকিতে (বিওপি) কর্মরত ছিলেন।
বিএসএফের মিজোরাম ও কাছাড় ফ্রন্টিয়ার জানিয়েছে, বুধবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে শ্রীভূমি জেলার স্টিমারঘাট এলাকায় নদীর ভাটির দিকে তার লাশ উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভেনুর শরীরে বাইরে থেকে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে তার লাশ বিমানে করে ভারতের তেলেঙ্গানা রাজ্যে নিজ বাড়িতে পাঠানো হবে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হবে। ইতোমধ্যে তার পরিবারের সদস্যদের মৃত্যুর খবর জানানো হয়েছে।
এর আগে ভেনু নিখোঁজ হওয়ার পর তাকে বাংলাদেশে ধরে নিয়ে যাওয়া হয়ে থাকতে পারে বলে সীমান্ত এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে বিএসএফ জানিয়েছিল, এ বিষয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছ থেকে তারা কোনো তথ্য পায়নি।
ঘটনাটি ঘটে সোমবার ভোরে হরিনগর সীমান্ত চৌকির কাছে। সীমান্ত এলাকায় চার থেকে পাঁচজন সন্দেহভাজন গরু পাচারকারীর চলাচলের বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য পেয়েছিলেন বিএসএফ সদস্যরা।
কাছাড় জেলার পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের ভাষ্য অনুযায়ী, বিএসএফের কোম্পানি কমান্ডার তাকে জানিয়েছিলেন, সন্দেহভাজন পাচারকারীদের আটক করতে যান হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব ও কনস্টেবল ভেনু।
বিএসএফ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে সন্দেহভাজন ব্যক্তিরা নদীতে ঝাঁপ দেন বলে অভিযোগ রয়েছে। তাদের ধরতে দুই বিএসএফ সদস্যও নদীতে ঝাঁপ দেন। একপর্যায়ে হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব সাঁতরে নিরাপদে তীরে ফিরে আসতে সক্ষম হন। তবে ভেনু নিখোঁজ হন।
এরপর নিখোঁজ বিএসএফ সদস্যের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়। এতে অংশ নেয় রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), নদী পুলিশ ও বিএসএফের সদস্যরা। দুই দিন ধরে তল্লাশির পর বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
এএম