শিশুদের ইন্টারনেট ব্যবহারের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। বয়সের ভিত্তিতে ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের আবেদন নাকচ করে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দিয়েছে আদালত।
শুক্রবার আদালত পর্যবেক্ষণ দেয় যে, ভারতের সংবিধানের ২১ অনুচ্ছেদ এবং ১৯(১)(ক) অনুচ্ছেদ অনুযায়ী ইন্টারনেট ব্যবহারের অধিকার প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকার। বয়স যা-ই হোক, শিশুরাও সমান অধিকার ভোগ করে।
আদালত জানায়, শিশুদের নিরাপত্তা ও স্বাধীনতা পরস্পরবিরোধী নয়। ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞার পরিবর্তে অভিভাবকদের নিয়ন্ত্রণ জোরদার, সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা চালু এবং যৌন নির্যাতনসংক্রান্ত অবৈধ কনটেন্ট দ্রুত অপসারণের ওপর জোর দেয় আদালত।
শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত ছবি ও ভিডিও ছড়িয়ে পড়া ঠেকাতে ভারতের কেন্দ্রীয় সরকারকে একটি জাতীয় ডেটাবেস তৈরির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি, এ ধরনের কনটেন্ট শনাক্ত ও অপসারণে ইউআরএল তালিকাভুক্তকরণ, ডিজিটাল শনাক্তকারী তথ্যের ব্যবহার এবং প্রযুক্তিগত ব্যবস্থা নিয়ে নির্দেশিকা ও কার্যপদ্ধতি প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার সমালোচনা করে বলেন, শিশুদের সুরক্ষায় কার্যকর উদ্যোগের অভাব উদ্বেগজনক। ইন্টারনেটে শিশুদের যৌন নিপীড়নমূলক কনটেন্টের কোনো স্থান থাকতে পারে না বলেও মন্তব্য করেন বিচারপতিরা।
সূত্র: এনডিটিভি
আরএ