হোম > বিশ্ব > ভারত

‘ককরোচরা আসছে, ধর্মেন্দ্র প্রধান যাচ্ছেন’ স্লোগানে বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সিজেপির

আমার দেশ অনলাইন

সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন জাতীয় পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশ করেছে ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।

বিক্ষোভে অংশ নেওয়া শত শত মানুষকে তেলাপোকার মুখোশ পরে এবং জবাবদিহিতার দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড ও লিফলেট হাতে দেখা যায়। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে এসে আন্দোলনে নেতৃত্ব দেন। তিনি সমর্থকদের বই ও ভারতীয় জাতীয় পতাকা সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানান। তাদের ভাষ্য, বইটি শিক্ষা পাওয়ার অধিকার এবং সবার জন্য সমান সুযোগের প্রতীক।

এ সময় বিক্ষোভে অংশ নেওয়া সমর্থকরা ‘ককরোচরা আসছে, ধর্মেন্দ্র প্রধান যাচ্ছেন!’ স্লোগান দেন।

এই আন্দোলনের সূত্রপাত হয় ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি মন্তব্যকে ঘিরে। আদালতে একটি শুনানিতে তিনি সরকারের তরুণ সমালোচকদের ‘তেলাপোকা’ ও ‘পরজীবী’ বলে আখ্যায়িত করেছেন বলে অভিযোগ ওঠে। এ মন্তব্যে ক্ষুব্ধ হয়ে বহু তরুণ-তরুণী সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজপথে প্রতিবাদ শুরু করেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী আরুশি বলেন, আমাদের অলস বা অকার্যকর হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা রাস্তায় নেমেছি কারণ আমরা পরিবর্তন চাই।

আরেক শিক্ষার্থী সার্থক বলেন, ভারতের মতো দেশে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর পরিচালনা আরো স্বচ্ছ ও দক্ষতার সঙ্গে হওয়া উচিত। শিক্ষার্থীরা এর চেয়ে ভালো প্রশাসন পাওয়ার যোগ্য।

সম্প্রতি দেশটির মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বাতিল করা হয়। এরপর থেকেই পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে দেশজুড়ে বিতর্ক তীব্র হয়েছে।

সিজেপির মুখপাত্র বিজেতা দাহিয়া বলেন, ভারতীয় সংবাদপত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক অনুসন্ধানে দেখা গেছে, গত দুই দশকে বড় ধরনের ৪৫টি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মাত্র দুটি মামলায় দোষীদের বিরুদ্ধে সাজা হয়েছে। তিনি অভিযোগ করেন, একটি ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে কেবল অন্যত্র বদলি করা হয়েছে, যা কোনোভাবেই শাস্তি হিসেবে বিবেচিত হতে পারে না।

আন্দোলনের উদ্যোক্তা অভিজিৎ দীপকে বলেন, তরুণদের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে শুধু ভারতে নয়, সারা বিশ্বেই। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে পরিবর্তন আনার এই উদ্যোগ বিশ্বের তরুণদের জন্য উদাহরণ হয়ে উঠতে পারে।

পরীক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করা এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি।

সূত্র: ডিডব্লিউ

এআরবি

ভারতজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়ে যা বললেন ককরোচ জনতা পার্টির প্রধান

সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

দিল্লির হোটেলে আগুন: অবহেলার অভিযোগে রাঁধুনি গ্রেপ্তার

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

অরুণাচলে সিলগালা করা হলো ১৫টি মসজিদ

ভারতের মণিপুরে সন্ত্রাসী হামলায় নিহত ৩, বাড়িঘরে আগুন

কেন জান্তা প্রধানকে হাতকড়া পরাতে বললেন সমালোচকরা

বাংলাদেশ, নেপালে বিক্ষোভের মত দ্রুত বাড়ছে ভারতের ককরোচ পার্টি