হিন্দু ধর্মাবলম্বীদের গরুর প্রতি শ্রদ্ধা ও ধর্মীয় বিশ্বাস নিয়ে বিদ্রূপ করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরাইলি-আমেরিকান রাব্বি ইয়োসি মিজরাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ভারত ও ইসরাইলসহ বিভিন্ন মহল থেকে ব্যাপক ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
ভিডিওতে মিজরাহি দাবি করেন, ‘ভারতের হিন্দুরা গরুর পূজা করেন। গরুর মূত্র পান করেন এবং মেঝেতে গরুর মূত্র পড়লে তা চেটে খান।’ এমনকি কিছু চিকিৎসকও এ ধরনের কাজ করেন বলে দাবি করে ভারতীয় চিকিৎসকদের নিয়েও উপহাস করেন তিনি।
ভিডিওতে মিজরাহি ভারতের এক ব্যক্তির প্রসঙ্গ তুলে বলেন, ওই ব্যক্তি একসময় তার ফেসবুক পেজে কাজ করতেন এবং ইহুদি ধর্ম গ্রহণ করতে আগ্রহী ছিলেন। তার দাবি, ওই ব্যক্তি ভারতে এমন একটি পরিবারের সঙ্গে বসবাস করতেন, যেখানে তার বাবা ও ভাই গরুর পূজা করতেন।
মিজরাহি বলেন, ওই পরিবার গরুকে ঘরের ভেতরে নিয়ে আসত এবং গরু মেঝেতে মূত্র ত্যাগ করলে তা চেটে খেত।
এরপর তিনি দাবি করেন, ভারতের কিছু মানুষ ফার্মেসি থেকে গরুর মূত্র কেনেন। ভারতীয় চিকিৎসকদের প্রসঙ্গ টেনে তিনি বিদ্রূপাত্মকভাবে বলেন, পরবর্তী সময়ে কেউ নয়াদিল্লির হাসপাতালে গেলে চিকিৎসক হয়তো আগের রাতে গরুর মূত্র পান করার পর রোগীকে শুভ সকাল জানাবেন।
দিল্লির রাস্তায় গরুর কারণে যানজট সৃষ্টি হওয়া নিয়েও বিদ্রূপ করেন ওই রাব্বি। বক্তব্যের একপর্যায়ে ভারতীয়দের মতো না বানানোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান তিনি।
মিজরাহি অতীতেও বিভিন্ন বিতর্কিত বক্তব্যের কারণে সমালোচিত হয়েছেন। ২০১৫ সালে হলোকাস্টে নিহত ইহুদিদের সংখ্যা নিয়ে মিথ্যা দাবি করার পর তিনি ক্ষমা চান। এছাড়া অটিজম ও ডাউন সিনড্রোমকে পূর্বজন্মের পাপের শাস্তি বলেও মন্তব্য করেছিলেন তিনি। ২০১৬ সালে ১৬ জন অর্থোডক্স ইহুদি রাব্বি তার প্রচারপদ্ধতির নিন্দা জানান।
সূত্র: ইন্ডিয়া টুডে
আরএ