ধর্মীয় পরিচয়ের কারণে ভারতীয় নাগরিকদের অবৈধভাবে দেশ থেকে বের করে দেওয়ার অভিযোগের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশনের (ইউএসসিআইআরএফ) কমিশনার জিন মিলস। একই সঙ্গে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ (কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন—সিপিসি) হিসেবে তালিকাভুক্ত করতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
জিন মিলস বলেন, মুসলিম ধর্মাবলম্বী হওয়ার কারণে ভারত সরকারের নিজ দেশের নাগরিকদের বহিষ্কার করা ধর্মীয় সংখ্যালঘুদের নিশানা করার কৌশলে উদ্বেগজনক মাত্রা যোগ করেছে। ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের ধারাবাহিক, পদ্ধতিগত ও গুরুতর ঘটনার জন্য ভারতকে সিপিসি হিসেবে ঘোষণা করা উচিত বলে মনে করেন মিলস।
এদিকে ইউএসসিআইআরএফের সর্বশেষ মন্তব্যের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দুর সাংবাদিক সুহাসিনী হায়দার। এক সংবাদ সম্মেলনে তিনি জানতে চান, ভোটার তালিকা থেকে সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া এবং ধর্মীয় পরিচয়ের কারণে নাগরিকদের বহিষ্কারের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের এই কমিশনের বক্তব্যের বিষয়ে ভারত সরকার কী পদক্ষেপ নিয়েছে।
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘ইউএসসিআইআরএফ একটি পক্ষপাতদুষ্ট সংস্থা। তাদের প্রকাশ্য রাজনৈতিক এজেন্ডা রয়েছে। আমার মনে হয় না, এতটা পূর্বধারণায় আক্রান্ত কোনো সংস্থার বক্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে।’
তবে নির্দিষ্ট অভিযোগগুলোর বিষয়ে তিনি সরাসরি কোনো জবাব দেননি। এমনকি বিষয়টি নিয়ে মার্কিন সরকার বা নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের সঙ্গে ভারত আলোচনা করেছে কি না, সেটিও স্পষ্ট করেননি।
এর আগে মুসলিম অধিকারকর্মী শরজিল ইমামের আটক নিয়েও উদ্বেগ জানিয়েছিল ইউএসসিআইআরএফ। গত ১৩ নভেম্বর এক বিবৃতিতে কমিশন তাকে ধর্মীয় স্বাধীনতার পক্ষে কাজ করার কারণে আটক একজন মুসলিম হিসেবে উল্লেখ করে। ২০১৯ ও ২০২০ সালে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়ার বিষয়টির সঙ্গে তার গ্রেপ্তারের সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করে সংস্থাটি।
এর প্রতিবাদ জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা। তিনি বলেন, ভারতীয় নাগরিকদের সাংবিধানিক অধিকার নিয়ে মন্তব্য করার কোনো এখতিয়ার ইউএসসিআইআরএফের নেই।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সংস্থাটির মূল্যায়নকে ‘অভ্যাসগতভাবে পক্ষপাতদুষ্ট, অপর্যাপ্ত তথ্যনির্ভর ও বিদ্বেষপূর্ণ’ বলে আখ্যা দেন। একই সঙ্গে ইউএসসিআইআরএফকে নিজেদের পূর্বধারণা নিয়ে আত্মসমালোচনার পরামর্শ দেন।
এর আগে গত ৬ নভেম্বর ইউএসসিআইআরএফের দুই কমিশনার অ্যান্ডারসন ও জো গ্রোগান ভারতে শিখদের গুরুদুয়ারাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনায় উদ্বেগ জানান। এসব হামলার মধ্যে গির্জা ও মসজিদও রয়েছে। ধর্মীয় সহিংসতা মোকাবিলায় ভারতের পদক্ষেপের সঙ্গে দেশটিকে দেওয়া মার্কিন নিরাপত্তা সহায়তা যুক্ত করার আহ্বান জানান তারা।
গত ২৭ আগস্ট ‘ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য ভারতকে জবাবদিহির আওতায় আনতে হবে’ শিরোনামে প্রকাশিত এক বিবৃতিতেও দেশটির বিরুদ্ধে অভিযোগ তোলে ইউএসসিআইআরএফ। এতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের যুক্তরাষ্ট্র সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
কমিশনের অভিযোগ, আরএসএস-সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর সদস্যরা খ্রিষ্টান, দলিত, মুসলিম ও শিখদের ওপর সহিংস হামলা চালিয়েছে। বিজেপি নেতৃত্বাধীন সরকার আরএসএসের হিন্দুত্ববাদী আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতি বাস্তবায়ন করছে এবং সংখ্যালঘুদের ওপর হামলা প্রতিরোধ ও অপরাধীদের বিচারের আওতায় আনতে ব্যর্থ হচ্ছে।
এ ছাড়া আসামে মুসলিম নাগরিকদের বহিষ্কার এবং উত্তর আমেরিকায় শিখ সম্প্রদায়কে লক্ষ্য করে আন্তদেশীয় দমন-পীড়নের অভিযোগও তোলে কমিশনটি। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরএসএসের সদস্য ও ভারতীয় কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ, ভাগবতের ভিসা বাতিল এবং ভারতকে সিপিসি তালিকাভুক্ত করার আহ্বান জানায় তারা।
গত সেপ্টেম্বরে ইউএসসিআইআরএফ অভিযোগ করে, ধর্মীয় সংখ্যালঘুদের আটক করতে ভারত সন্ত্রাসবাদবিরোধী আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিশেষ করে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) ব্যবহার করে সংখ্যালঘু ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের কণ্ঠরোধ করা হচ্ছে বলে দাবি করে সংস্থাটি।
এ ছাড়া গত ২ এপ্রিল মহারাষ্ট্র ও ছত্তিশগড়ে নতুন ধর্মান্তরবিরোধী আইন গ্রহণেরও সমালোচনা করে কমিশন। তাদের মতে, ভারতের ১৩টি রাজ্যে কার্যকর এ ধরনের আইন ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে খ্রিষ্টান ও মুসলমানদের ওপর অসমভাবে প্রভাব ফেলছে। ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতির উন্নতির সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যকে যুক্ত করারও আহ্বান জানায় তারা।