পানি সংকট ও ধোঁয়া দূষণ মোকাবিলায় মালয়েশিয়ায় তিন দিনের মেঘবীজ অভিযান
বাঁধের পানির স্তর বাড়ানো এবং আঞ্চলিক ধোঁয়ার দূষণ কমাতে পূর্বাঞ্চলীয় সারাওয়াক রাজ্যে কৃত্রিম বৃষ্টিপাতের জন্য তিন দিনের ক্লাউড সিডিং অভিযান শুরু করেছে মালয়েশিয়া। বৃহস্পতিবার এ অভিযান শুরু হয়।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টার-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাতাং আই, বাকুন ও মুরুম জলবিদ্যুৎ বাঁধকে কেন্দ্র করে প্রাথমিকভাবে অভিযান চালানো হচ্ছে। পরবর্তী সময়ে রাজ্যের গুরুত্বপূর্ণ জলাধার ও পানির উৎস এলাকায়ও ক্লাউড সিডিং ছড়ানোর জন্য বিমান পরিচালনার পরিকল্পনা রয়েছে।
সারাওয়াকের উপপ্রধানমন্ত্রী ডগলাস উগাহ এমবাস বলেন, অক্টোবরে সম্ভাব্য আরো গরম ও শুষ্ক আবহাওয়ার আগে বাঁধগুলোর জলাধারে পানির স্তর বাড়ানোই এ অভিযানের মূল উদ্দেশ্য।
এদিকে প্রতিবেশী ইন্দোনেশিয়ায় অস্বাভাবিকভাবে দীর্ঘায়িত শুষ্ক মৌসুম চলছে। এল নিনোর প্রভাবে সুমাত্রা ও কালিমান্তানে দাবানল ছড়িয়ে পড়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, যার কারণে আঞ্চলিক ধোঁয়া দূষণের আশঙ্কাও বাড়ছে।
বোর্নিও দ্বীপের মালয়েশীয় রাজ্য সারাওয়াকের সঙ্গে ইন্দোনেশিয়ার কালিমান্তান প্রদেশগুলোর স্থলসীমান্ত রয়েছে।
ইন্দোনেশিয়ায় শুধু জুলাই মাসেই প্রায় ৯৫ হাজার হেক্টর বন ও জমি পুড়ে গেছে। দেশটির বন মন্ত্রণালয়ের হিসাবে, জুলাইয়ের শেষ নাগাদ সারা দেশে আগুনে পুড়ে যাওয়া এলাকার পরিমাণ প্রায় ২ লাখ ২ হাজার হেক্টরে পৌঁছেছে।
আঞ্চলিক দাবানল থেকে সৃষ্ট ধোঁয়া মোকাবিলায় ইন্দোনেশিয়ার আকাশসীমা ব্যবহার করে মেঘবীজ অভিযান চালানোর অনুমতিও জাকার্তার কাছে চেয়েছে মালয়েশিয়া।
মেঘবীজ পদ্ধতিতে উপযুক্ত মেঘের মধ্যে লবণভিত্তিক ক্ষুদ্র কণা ছড়িয়ে দেওয়া হয়, যা বৃষ্টিপাত বাড়াতে সহায়তা করতে পারে। এর ফলে একদিকে জলাধারে পানির সরবরাহ বাড়ানো সম্ভব, অন্যদিকে বাতাসে থাকা দূষিত কণার পরিমাণও কমতে পারে।