ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছেন, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার পরিকল্পনা বাতিল হয়নি; মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি আপাতত স্থগিত রেখেছেন। তার দাবি, সংকটের স্থায়ী সমাধানের জন্য গাজাকে জনশূন্য করাই একমাত্র পথ। এই পরিকল্পনাকে কোনো কোনো ইসরাইলি কর্মকর্তা আলংকারিকভাবে ফিলিস্তিনিদের গাজা থেকে স্বেচ্ছায় ‘অভিবাসন’ বা ‘স্থানান্তর’ বলে বর্ণনা করেন।
ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটের এক সম্মেলনে কাৎজ বলেন, গাজা ‘সমুদ্রপথে, আকাশপথে এবং যেকোনো উপায়ে’ নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তুতি রয়েছে। তবে ফিলিস্তিনিদের আশ্রয় দিতে মিসরসহ প্রতিবেশী দেশগুলো অনাগ্রহী বলে তিনি জানান।
কাটজের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এখনো পরিকল্পনাটি বাতিল করেনি, শুধু স্থগিত করে রেখেছে এবং বিষয়টি নিয়মিত আলোচনায় রয়েছে। তার দাবি, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিকল্পনাটি বাস্তবায়নের সুযোগ আসতে পারে।
ফিলিস্তিনি অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, গাজায় ইসরাইলের সামরিক অভিযান ও অবরোধের চূড়ান্ত লক্ষ্য ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূল করা এবং স্থায়ীভাবে উচ্ছেদ করা। এর আগে ট্রাম্পও গাজা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া এবং সেখানকার ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।
অন্যদিকে, ট্রাম্পের সমর্থিত যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছিল, কোনো ফিলিস্তিনিকে জোর করে গাজা ছাড়তে বাধ্য করা হবে না এবং যারা চলে যাবেন, তারা চাইলে ফিরে আসতে পারবেন।
কাৎজের বক্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হলেন বলেন, গাজার ফিলিস্তিনিদের উচ্ছেদ করার পরিকল্পনার বিষয়ে তিনি ও সিনেটর জেফ মার্কলি আগেই সতর্ক করেছিলেন। তার ভাষায়, এখন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে সেই আশঙ্কাই নিশ্চিত হয়েছে।
সূত্র: আল জাজিরা
আরএ