সামুদ্রিক নিরাপত্তা ও নৌপথের অবাধ চলাচল নিশ্চিত করতে জোটের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে জেদ্দায় বৈঠক করেছে ৪১ দেশের নৌবাহিনীর প্রতিনিধিরা। বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় বহুজাতিক কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস (সিএমএফ) জোটের চতুর্থ পরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত হয়। খবর আলজাজিরার।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে ৪১টি দেশের ১৫৪ জন নৌবাহিনীর কর্মকর্তা, সামরিক পরিকল্পনাবিদ, রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেন।
মন্ত্রণালয়ের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, জোটটি বর্তমানে ‘প্রতিষ্ঠা পর্যায়’ থেকে পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনার সক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে জোট এখন সক্ষমতা সমন্বয় ও কার্যক্রম পরিচালনার প্রস্তুতি পর্যায়ে রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সামুদ্রিক এলাকায় কার্যক্রম পরিচালনা ও বাস্তব উপস্থিতি নিশ্চিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। নৌপথ, সমুদ্রপথ ও গুরুত্বপূর্ণ প্রণালিগুলো দিয়ে জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষা করা আন্তর্জাতিকভাবে সবার অভিন্ন স্বার্থ। এ জন্য কার্যকর অংশীদারত্ব, বিভিন্ন ধরনের সক্ষমতা এবং সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক আইন অনুসরণ করে সামুদ্রিক নৌযান চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাই এই জোটের অন্যতম লক্ষ্য।
এমএমআর