ইরানের গুরুত্বপূর্ণ তেলবন্দর খার্গ দ্বীপে বোমা হামলার একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভিডিওটি পোস্ট করেন ট্রাম্প। এতে ওপর থেকে একটি বিমান থেকে খার্গ দ্বীপে হামলার দৃশ্য দেখানো হয়েছে। ভিডিওতে একটি তেল সংরক্ষণ ট্যাংক ও একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটতে দেখা যায়।
ভিডিওটির সঙ্গে ট্রাম্প লিখেছেন, ‘খার্গ দ্বীপকে চূর্ণবিচূর্ণ করে দেওয়া হচ্ছে!!! প্রেসিডেন্ট ডিজেটি।’
তবে ভিডিওটি বাস্তব হামলার দৃশ্য নয়। এটি এআই দিয়ে তৈরি করা হয়েছে।
যুদ্ধ শুরুর আগে ইরানের অধিকাংশ তেল রপ্তানি খার্গ দ্বীপের মাধ্যমে পরিচালিত হতো। এ কারণে দেশটির অর্থনীতির জন্য দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র।
যুদ্ধ শুরুর পর থেকেই খার্গ দ্বীপ দখল বা ধ্বংস করার হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। এর আগে তিনি একাধিকবার দ্বীপটি দখল কিংবা ধ্বংস করার সম্ভাবনার কথা জানিয়েছিলেন।
ফলে ট্রাম্পের নতুন এই এআই ভিডিওতে খার্গ দ্বীপে সম্ভাব্য হামলারই একটি কল্পিত চিত্র তুলে ধরা হয়েছে। গুরুত্বপূর্ণ এই তেলকেন্দ্রকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির বিষয়টিও এতে আবার সামনে এসেছে।
এএম