ইরানে সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ প্রকাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস (সিআরএস) গত মে মাসে জানিয়েছিল, ইরানের সশস্ত্র বাহিনীর হামলায় ৪২টি মার্কিন সামরিক বিমান ধ্বংস হয়েছে। বর্তমানে সেই সংখ্যা বেড়ে ৮১টিতে দাঁড়িয়েছে বলে দাবি করেন তিনি।
আরাগচি প্রশ্ন তোলেন, মার্কিন কর্তৃপক্ষ যদি সামরিক ঘাঁটিগুলো স্বাভাবিক অবস্থায় থাকার দাবি করে, তাহলে সেগুলো পরিদর্শনের অনুমতি দেওয়া হচ্ছে না কেন।
তিনি বলেন, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এমনকি কংগ্রেসের একজন সিনেটরকেও এসব ঘাঁটি পরিদর্শনের অনুমতি দিচ্ছে না।
আরাগচির ভাষ্য, ঘাঁটিগুলোর পরিস্থিতি নিয়ে মার্কিন কর্তৃপক্ষের বক্তব্য এবং বাস্তবতার মধ্যে পার্থক্য রয়েছে বলেই এ ধরনের বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।
পোস্টের শেষাংশে তিনি বলেন, এই বিষয়ে মানুষকে চিরকাল ‘ধোঁয়াশা বা প্রতারণার মাঝে’ রাখা সম্ভব নয়।
সূত্র: বিবিসি বাংলা
এমএমআর