নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি । তিনি বলেন, আগের সংঘাতের পর ইরান আরো শক্তিশালী হয়ে উঠেছে। একই সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, কারাগারে যাওয়া এড়াতে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে আরেকটি যুদ্ধে জড়ানোর চেষ্টা করছেন।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, ‘গতবার আপনারা ‘কাজ শেষ করতে’ চেয়েছিলেন, কিন্তু ইরান আরো শক্তিশালী হয়ে বেরিয়ে এসেছে। আবারও ভাগ্য পরীক্ষা করতে চান? স্বাগত। তবে সতর্ক থাকুন; আমাদেরও কিছু অসমাপ্ত কাজ রয়েছে।’
তিনি আরো অভিযোগ করেন, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে নতুন একটি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। এর পরিণতি ইসরাইলের ওপর পড়বে এবং আরো বেশি প্রভাব ফেলবে মার্কিন প্রেসিডেন্টের ওপর।
আগামী ২৭ অক্টোবর ইসরাইলের নির্বাচন সামনে রেখে ট্রাম্প নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ প্রেক্ষাপটেই আরাগচির এ বক্তব্য সামনে এলো।
সূত্র: জিও নিউজ
আরএ