ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আকাশসীমার দিকে আসা একটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, ইউএইর আঞ্চলিক সমুদ্রসীমার ওপর দিয়ে ইরান থেকে একটি ড্রোন এগিয়ে আসছিল। এর জবাবে দেশটির বিমানবাহিনী তৎপর হয়।
তবে ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়েছে কি না, কিংবা সেটি তার নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করতে পেরেছে কি না—এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি ইউএই।
এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলায় তাদের সশস্ত্র বাহিনী ‘সর্বোচ্চ প্রস্তুত’ অবস্থায় রয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, আকাশ প্রতিরক্ষাব্যবস্থাগুলো সার্বক্ষণিকভাবে দেশের আকাশসীমা পর্যবেক্ষণ করছে এবং তা সুরক্ষিত রাখার কাজ চালিয়ে যাচ্ছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনার মধ্যে ইউএইর পক্ষ থেকে ড্রোনের বিষয়ে এই বক্তব্য এলো। এর আগে ইরানের সেনাবাহিনী সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত আল মিনহাদ বিমানঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে আল মিনহাদ ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এরপর ইউএইর আকাশসীমা ও আঞ্চলিক সমুদ্রসীমায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সার্বক্ষণিক সক্রিয় রয়েছে।
এএম