ইরানের শীর্ষ আলোচক ও দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের কথায় বা আশ্বাসে তেহরানের কোনো আস্থা নেই; বরং কার্যকর পদক্ষেপই হবে বিশ্বাসের একমাত্র মানদণ্ড।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, আমরা কোনো গ্যারান্টি বা কথায় বিশ্বাস করি না শুধু কার্যক্রমই আমাদের কাছে গ্রহণযোগ্য। অন্য পক্ষ পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ইরানও কোনো পদক্ষেপ নেবে না।
গালিবাফ আরো দাবি করেন, ইরান আলোচনার মাধ্যমে নয়, বরং সামরিক সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র শক্তির মাধ্যমেই প্রতিপক্ষের কাছ থেকে ছাড় আদায় করে নেয়। তার ভাষায়, আলোচনায় আমরা কেবল তাদের বুঝিয়ে দিই।
তিনি বলেন, যেকোনো চুক্তির প্রকৃত বিজয়ী সেই পক্ষ, যে চুক্তির পরদিন যুদ্ধের জন্য সবচেয়ে বেশি প্রস্তুত থাকে।
ইরানের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা চলছে।
সূত্র: আল জাজিরা
এআরবি