যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অব্যাহত রয়েছে এবং ওয়াশিংটন আরো হামলা চালালে ইরানও আরো কঠোর জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটির মুখপাত্র মোহেবি বলেছেন, সামরিক ও অর্থনৈতিক—উভয় ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত চলছে। খবর আলজাজিরার।
ইরানের বার্তা সংস্থা ফার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহেবি বলেন, ‘শত্রুর সঙ্গে আমাদের যুদ্ধ চলছে। সামরিক ও অর্থনৈতিক—দুই ক্ষেত্রেই। স্বাভাবিকভাবেই যুদ্ধের মধ্যে তারা আমাদের কোনো একটি জাহাজে হামলা চালাতে পারে। কিন্তু আমরা আরো কঠোরভাবে পাল্টা আঘাত হানব।’
ইরানের স্থলসীমান্ত দিয়ে পণ্য ও সরবরাহ চলাচল বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ নিয়েও কথা বলেন আইআরজিসির এই মুখপাত্র।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যে ধরনের অর্থনৈতিক অবরোধ আরোপ করতে চায়, তার কোনো সংস্করণ দিয়েই তারা কখনো সফল হতে পারবে না।’
এর আগে ইরানের স্থলপথে সরবরাহ ব্যবস্থা ব্যাহত করতে ২০ সদস্যের একটি বিশেষ টাস্কফোর্স গঠনের ঘোষণা দেয় মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটনের দাবি, ইরানের এসব স্থলপথ দিয়ে অস্ত্র ও অবৈধ সামগ্রী পরিবহন করা হয়। ‘আয়রন গেট’ নামের এ উদ্যোগের লক্ষ্য স্থলসীমান্ত দিয়ে ইরানে পণ্য প্রবেশের পথগুলো বাধাগ্রস্ত করা।
যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ ইরানের বন্দরগুলোতে দেশটির নৌ অবরোধেরই সম্প্রসারণ। দুই দেশের আট মাসের যুদ্ধে উত্তেজনা আরো বেড়েছে। অন্যদিকে, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে চলাচল সীমিত করেছে তেহরান। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।
এমএমআর