হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় তুরস্কের পাঠানো হাজারো অস্থায়ী ঘর আটকে দিয়েছে ইসরাইল: ফিদান

আলজাজিরা

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: এএফপি

গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়ের জন্য তুরস্কের পাঠানো হাজারো অস্থায়ী ঘর প্রবেশ করতে দিচ্ছে না ইসরাইল। এসব ঘর মূলত তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের আশ্রয়ের জন্য ব্যবহার করা হয়েছিল। কিন্তু এগুলো ধাতু দিয়ে তৈরি হওয়ায় হামাস অস্ত্র তৈরিতে ব্যবহার করতে পারে—এমন যুক্তিতে প্রবেশে বাধা দিচ্ছে ইসরাইল। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ অভিযোগ করেছেন।

শনিবার তুরস্কের সম্প্রচারমাধ্যম টিজিআরটি হাবারকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, গাজায় এসব অস্থায়ী আবাসন পাঠানোর নির্দেশ দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। ভূমিকম্পের সময় ব্যবহার করা হাজারো কনটেইনার ঘর ফিলিস্তিনি উপত্যকাটিতে পাঠানোর পরিকল্পনা ছিল তুরস্কের।

ফিদান বলেন, ‘ভূমিকম্পের সময় আমরা হাজার হাজার কনটেইনার ঘর ব্যবহার করেছি। শুরু থেকেই আমাদের প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছিলেন, যত দ্রুত সম্ভব সেগুলো গাজায় পাঠাতে হবে।’

তবে ইসরাইল এসব ঘর গাজায় প্রবেশ করতে দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। ফিদান বলেন, ‘কিন্তু ইসরাইল এগুলো প্রবেশ করতে দিচ্ছে না। কারণ, এগুলো ধাতু দিয়ে তৈরি।’

তার ভাষ্য অনুযায়ী, ইসরাইলি কর্তৃপক্ষের যুক্তি, এসব ধাতু ব্যবহার করে হামাস অস্ত্র তৈরি করতে পারে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইলের এ বিধিনিষেধের কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কাপড়ের তাঁবুতে থাকতে হচ্ছে। এতে শীত, ঝড় ও বৃষ্টিতে তাদের দুর্ভোগ আরো বাড়ছে।

ফিদান সতর্ক করে বলেন, বন্যা, ঝড় কিংবা শীতের মতো প্রতিকূল আবহাওয়া ফিলিস্তিনিদের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এর ক্ষয়ক্ষতি ক্ষুধার দুর্ভোগের চেয়েও ভয়াবহ হতে পারে।

তিনি বলেন, ‘বন্যা, ঝড় কিংবা শীত এলে তা এমন বিপর্যয় সৃষ্টি করে, যা অন্তত ক্ষুধার মতোই ভয়াবহ, এমনকি তার চেয়েও বেশি।’

গাজার মানবিক সংকটের বিষয়টি তুরস্ক কূটনৈতিকভাবে তুলে ধরা অব্যাহত রাখবে বলেও জানান হাকান ফিদান।

এএম

লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের দাবি প্রেসিডেন্ট আউনের

ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে থাকছেন মার্কিন অর্থমন্ত্রী

বিশ্ব অর্থনীতির স্বার্থে ইরানের সঙ্গে শান্তিচুক্তি জরুরি: তুরস্ক

নিজেদের নিরাপত্তার দায়িত্ব মধ্যপ্রাচ্যের দেশগুলোকেই নিতে হবে

বাহরাইনে মার্কিন ঘাঁটি ও শিল্পকারখানায় ইরানের হামলা

যুদ্ধ ও মার্কিন অবরোধের মধ্যেও ইরানে খাদ্য মজুত স্বাভাবিকের চেয়ে বেশি

পরমাণু অস্ত্র তৈরির পথে হাঁটতে যাচ্ছে ইরান, চিন্তায় পশ্চিমা বিশ্ব

একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তি উন্মোচন করল ইরান

কঠোর নিয়ম করল সৌদি, আওতায় পড়বে যারা

জাতিসংঘের মহাসচিব পদে আমিরাতের প্রার্থীতায় বাধা যুক্তরাজ্য-ফ্রান্স