ইরান যেকোনো ধরনের হামলা মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির যৌথ বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে হুমকি এখনো শেষ হয়নি, তাই বর্তমানের পাশাপাশি ভবিষ্যতের যেকোনো পরিস্থিতির জন্যও প্রস্তুত থাকতে হবে।
ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এলহামি বলেন, ‘হুমকি শেষ হয়নি’—এই বাস্তবতা বিবেচনায় নিয়ে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী আজ এবং ভবিষ্যতে যেকোনো ধরনের সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে।
তিনি আরো বলেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখন ‘সম্পূর্ণ স্বনির্ভরতা’ অর্জন করেছে। এর মাধ্যমে দেশটি নিজস্ব সক্ষমতার ওপর নির্ভর করে সম্ভাব্য হুমকি মোকাবিলায় সক্ষম হয়েছে।
ইরানি এই কমান্ডারের দাবি, বিমান প্রতিরক্ষা খাতে অর্জিত সক্ষমতার মধ্য দিয়ে ইরান বিশ্বের সামনে ‘জাতীয় শক্তির একটি নতুন সংজ্ঞা’ উপস্থাপন করেছে।
তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও সম্ভাব্য সামরিক হুমকিকে সামনে রেখে ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা আরো জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছে।
সূত্র: আল জাজিরা
এআরবি