লেবানন পরিস্থিতি নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন মারাত্মক মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক চাপের মধ্যে রয়েছেন। লন্ডন কিংস কলেজের স্কুল অব সিকিউরিটি স্টাডিজের সিনিয়র লেকচারার অ্যান্ড্রেয়াস ক্রিগের মতে, যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকের দিকে ধাবিত হচ্ছে—যার মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত থাকতে পারে। আর এই বিষয়টিই নেতানিয়াহুর ওপর চাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিগ বলেন, “আমাদের সত্যটা স্বীকার করতে হবে। গতকাল একটি দুর্গ ও প্রাসাদ দখলের মতো কিছু কৌশলগত অর্জনকে ইসরাইল যতই বড় করে উদযাপন করুক না কেন, বাস্তবিকভাবে লেবাননে ইসরাইলের কোনো প্রকৃত অপারেশনাল বা কৌশলগত বড় ধরনের কোনো লাভ হয়নি।”
তিনি পরিস্থিতি ব্যাখ্যা করে আরও বলেন, “যুক্তরাষ্ট্রের চাপের মুখে শেষ পর্যন্ত সামরিক অভিযান বন্ধ করতে বাধ্য হওয়ার আগেই নেতানিয়াহুকে জনগণের সামনে বড় কোনো 'সাফল্য' দেখাতে হবে। আর এই তীব্র চাপের কারণেই তিনি এখন গণমাধ্যমে নিজেদের বড় জয় দেখানোর আপ্রাণ চেষ্টা করছেন, যাতে সম্মানজনকভাবে সেনা প্রত্যাহার করা যায়।”
ক্রিগ আরও যোগ করেন, গাজা ও লেবাননসহ পুরো অঞ্চলে ইসরাইলের এই যে দীর্ঘমেয়াদি বা “স্থায়ী যুদ্ধ” নীতি, তা আসলে দিনশেষে “ইসরাইলের জন্য খুব সামান্যই অর্জন” বয়ে এনেছে।
এসআর