হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের প্রস্তাবিত সাত দিনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র গ্রহণ করার সঙ্গে সঙ্গেই কার্যকর হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। খবর আলজাজিরার।
পরিকল্পনার সময়সীমা কখন থেকে শুরু হবে—এমন প্রশ্নের জবাবে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র এই পরিকল্পনা গ্রহণ করার সঙ্গে সঙ্গেই।
তিনি বলেন, তারা যদি আগামীকাল এই পরিকল্পনা গ্রহণ করে, তাহলে সাত দিনের হিসাবও আগামীকাল থেকেই শুরু হবে।
আরাগচি জানান, পরিকল্পনার আওতায় যুক্তরাষ্ট্রকে কিছু নির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। তার ধারণা, এসব পদক্ষেপ সম্পন্ন করতে চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব পদক্ষেপ নতুন কিছু নয়। এগুলো সবই ইতোমধ্যে সমঝোতা স্মারকে (এমওইউ) অন্তর্ভুক্ত রয়েছে। তাই এগুলো বাস্তবায়নে আমরা কোনো অসুবিধা দেখছি না।
তিনি জানান, যুক্তরাষ্ট্র নির্ধারিত শর্তগুলো পূরণ করলে ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। এরপর সপ্তম দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হবে।
আরাগচি বলেন, “চুক্তিতে পৌঁছানো এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যদি আন্তরিকতা থাকে, তাহলে সবকিছু এখন প্রস্তুত রয়েছে।”