মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতকে তিনি ‘যুদ্ধ’ হিসেবে দেখছেন না। তবে কবে এ সংঘাত পুরোপুরি শেষ হবে, সে বিষয়ে কোনো সময়সীমা দিতে পারেননি তিনি।
হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ভ্যান্স বলেন, ইরান বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত পরিস্থিতির স্থায়ী সমাধান সম্ভব নয়। একই সঙ্গে তিনি জানান, তেহরানের সঙ্গে এখন কোনো কূটনৈতিক আলোচনা চলছে না।
সাত মাস ধরে চলা সংঘাত এবং চলতি সপ্তাহে নতুন করে হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের হামলার জবাবে মঙ্গলবার তারা দেশটির উপকূলীয় সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে।
এদিকে, সংঘাতের কারণে তেলের দাম বেড়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায়ও প্রভাব পড়েছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে থাকায় পরিস্থিতি রিপাবলিকান দলের জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য এখন হরমুজ প্রণালিতে বাণিজ্যিক তেল পরিবহন স্বাভাবিক রাখা। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ৫০ হাজারের বেশি সেনা এবং প্রায় ২০টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে।
সূত্র: রয়টার্স
আরএ