ইসরাইলি সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিরুদ্ধে দেশজুড়ে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন হাজার হাজার কট্টরপন্থি ইহুদি।
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এই বিক্ষোভের ফলে জেরুজালেম এবং তেল আবিব মেট্রোপলিটন এলাকার মহাসড়কগুলো অচল হয়ে পড়ে এবং ব্যাপক জনসমাগমের কারণে গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভের সময় অনেককে ইসরাইল সরকারের নিন্দা জানিয়ে প্লাকার্ড হাতে অংশ নিতে দেখা যায়। প্লাকার্ডে লেখা ছিল—‘জায়নিস্ট হিসেবে বেঁচে থাকার চেয়ে আমরা ইহুদি হিসেবে মরে যাওয়াকে শ্রেয় মনে করি’ এবং ‘জায়নিস্ট ধর্মের খাতিরে আমরা সেনাবাহিনীতে সেবা দিতে অস্বীকৃতি জানাচ্ছি’।
ইসরাইলে সাধারণত অধিকাংশ ইহুদি পুরুষ ও নারীর জন্য সামরিক পরিষেবা বাধ্যতামূলক। তবে দেশটির প্রভাবশালী কট্টরপন্থি ইহুদি দলগুলো তাদের অনুসারীদের জন্য এই সামরিক পরিষেবা থেকে অব্যাহতি নিশ্চিত করে আসছিল, যাতে তারা এর পরিবর্তে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারেন।
তবে বর্তমানে এই বিশেষ অব্যাহতি হুমকির মুখে পড়েছে। একসঙ্গে একাধিক ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে তীব্র সেনা সংকটে ভুগছে ইসরাইলি সামরিক বাহিনী। আর এই সংকট মোকাবিলায় তারা বাধ্যতামূলক সামরিক পরিষেবার মেয়াদ আরো বাড়ানোর পরিকল্পনা করছে।
উল্লেখ্য, ইসরাইলে অধিকাংশ ইহুদি পুরুষকে প্রায় তিন বছর বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে দায়িত্ব পালন করতে হয় এবং এরপর বছরের পর বছর রিজার্ভ বা সংরক্ষিত সেনা হিসেবে দায়িত্ব পালন করতে হয়। অন্যদিকে, ইহুদি নারীদের জন্য বাধ্যতামূলক সামরিক পরিষেবার মেয়াদ দুই বছর।
সূত্র: আল-জাজিরা
এএম