ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় তিনি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সংলাপ ও কূটনীতির ওপর জোর দিয়েছেন। খবর আলজাজিরার।
ইসহাক দারের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফোনালাপে দুই মন্ত্রী ‘সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি’ নিয়ে আলোচনা করেন।
দার বলেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং জাহাজ চলাচল নিরাপদ ও দ্রুততর করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে উন্নয়নশীল দেশ ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ওপর এর প্রভাব বিবেচনায় নিয়ে এ বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে জানান তিনি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দার জোর দিয়ে বলেছেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার একমাত্র কার্যকর পথ হলো **সংলাপ ও কূটনীতি**।
ফোনালাপে দুই নেতা ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে সম্মত হন। পাশাপাশি জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে তাদের বৈঠকের বিষয়েও একমত হন।
এমএমআর