মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামো নিজেদের স্বার্থে বদলে দেওয়ার চেষ্টা করতে গিয়ে উল্টো অভ্যন্তরীণ সংকটের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল—এমন দাবি করেছেন ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার হোসেইন তাইয়েব।
তার মতে, মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তারের যে লক্ষ্য নিয়ে ওয়াশিংটন ও তেল আবিব এগিয়েছে, সেই প্রচেষ্টাই এখন তাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
তাইয়েব বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ভেতরে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামো বদলে দেওয়ার মার্কিন প্রচেষ্টা প্রত্যাশিত ফল আনতে পারেনি। বরং এর প্রভাব এখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও পড়ছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিল্পীরা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। বেসামরিক মানুষের ওপর হামলার বিরুদ্ধেও তারা সোচ্চার হয়েছেন। এসব প্রতিবাদে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে যুদ্ধবিরোধী মনোভাবের প্রকাশ ঘটছে বলে মনে করেন তিনি।
ইরানের এই বাসিজ কমান্ডারের ভাষ্য, বিদেশে সামরিক অভিযানে বিপুল অর্থ ব্যয় এবং চলমান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে ক্লান্তি তৈরি হয়েছে। তারা এসব ব্যয়ের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলছেন।
তাইয়েবের দাবি, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার ও অঞ্চলটির কাঠামো পরিবর্তনের মার্কিন উদ্যোগ শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্যই অভ্যন্তরীণ চাপ বাড়িয়েছে। তবে তার এই বক্তব্য ইরানের একজন শীর্ষ কর্মকর্তার রাজনৈতিক মূল্যায়ন।
এএম