মধ্যপ্রাচ্যে টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে হলে এ অঞ্চলের বাইরের কোনো শক্তি কোনো কিছু চাপিয়ে দিতে পারে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে সংলাপ, পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্মানের ভিত্তিতেই দীর্ঘমেয়াদি নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব।
ইন্দোনেশিয়ার গ্লোবাল টাউন হল ২০২৬ অনুষ্ঠানে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে আরাগচি এসব কথা বলেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে টেকসই নিরাপত্তা এ অঞ্চলের বাইরের কোনো পক্ষের নির্দেশে নির্ধারিত হতে পারে না। বিদেশি শক্তির সামরিক উপস্থিতি এবং তাদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার পরিবর্তে আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আন্তর্জাতিক আইন ও বহুপক্ষীয় ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে আরাগচি বলেন, বড় শক্তিগুলোর স্বার্থের কারণে যখন আন্তর্জাতিক আইন উপেক্ষা করা হয়, তখন আইনের শাসনের কথা বলা কঠিন হয়ে পড়ে। জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো যদি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারীদের জবাবদিহির আওতায় আনতে ব্যর্থ হয়, তাহলে এসব প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ও বৈধতা ক্ষতিগ্রস্ত হওয়া স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান বিশ্ব পরিস্থিতিতে বহুপক্ষীয় ব্যবস্থার প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি বলে উল্লেখ করেন আরাগচি।
যুদ্ধের পরিণতি শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি যুদ্ধের মূল্য অনেক বিস্তৃত। যুদ্ধের ব্যয় করদাতাদের বহন করতে হলেও সবচেয়ে বড় মূল্য দিতে হয় সাধারণ মানুষকে—তাদের জীবন, রক্ত, ঘরবাড়ি, ভবিষ্যৎ ও নিরাপত্তার বিনিময়ে।
সূত্র: আল জাজিরা
এআরবি